ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম)- বাংলাদেশের নাগরিক ও স্থায়ী বাসিন্দাদের কাছে অর্পিত সম্পত্তি ফেরত দেওয়ার বিধান রেখে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধন) বিল-২০১১ সম্পর্কে কমিটির প্রতিবেদন সংসদে উপস্থাপিত হয়েছে।
জাতীয় সংসদের মঙ্গলবারের অধিবেশনে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক বহুল আলোচিত বিলটি সম্পর্কে প্রতিবেদনটি উত্থাপন করেন।
বিলে বলা হয়েছে, এটি আইন হিসেবে কার্যকর হওয়ার ১৫০ দিনের মধ্যে প্রত্যর্পণযোগ্য অর্পিত সম্পত্তির জেলাওয়ারী তালিকা সরকারি গেজেট আকারে প্রকাশ করা হবে। গেজেটে উল্লেখ করা জমির মালিকানা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দাবি করলে তা গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে দাবির সমর্থনে প্রমাণসহ জেলা কমিটির কাছে আবেদন করতে হবে।
জেলা কমিটি ১২০ দিনের মধ্যে আবেদন যাচাই-বাছাই করে লিখিত সুপারিশ জেলা প্রশাসকের কাছে দেবে। প্রাপ্ত মতামত ও সুপারিশের ভিত্তিতে জেলা প্রশাসক ৩০ দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবেন। জেলা কমিটির সুপারিশে কেউ সংক্ষুব্ধ হলে তিনি ৬০ দিনের মধ্যে কেন্দ্রীয় কমিটির কাছে আপিল করতে পারবেন।
প্রস্তাবিত আইনে অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা রেজিস্ট্রার, স্থানীয় একজন সাংসদসহ সাত সদস্যের জেলা কমিটি গঠনের কথা বলা হয়েছে। ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যানকে সভাপতি করে আট সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন হবে। কারো দাবি যথার্থ প্রমাণিত না হলে সংশ্লিষ্ট অর্পিত সম্পত্তি সরকারি সম্পত্তি হিসেবে গণ্য হবে।
সরকারি সম্পত্তি সরকার বিবেচনা মতো বিক্রয় বা অন্য কোনোভাবে হস্তান্তর করতে পারবে। এক্ষেত্রে সম্পত্তির উত্তরাধিকারী বা ইজারাসূত্রে ভোগদখলকারী অগ্রাধিকার পাবেন।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়েছে, ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধের প্রেক্ষিতে ডিফেন্স অব পাকিস্তান অর্ডিন্যান্স এবং ডিফেন্স অব পাকিস্তান রুলস জারি করে জরুরি অবস্থা ঘোষণা করে। ওই বিধান অনুসারে ১৯৬৫ সালের ৬ সেপ্টেম্বর হতে ১৯৬৯ সালের ১৬ ফেব্র"য়ারি পর্যন্ত যে সব নাগরিক পাকিস্তান ছেড়ে ভারত চলে গেছেন, তাদের ফেলে যাওয়া সম্পত্তি শত্র" সম্পত্তি হিসেবে ঘোষণা করা হয়।
সরকার সর্বশেষ ২০০১ সালে অর্পিত সম্পত্তি (শক্র সম্পত্তি) প্রত্যর্পণ আইন ২০০১ জারি করে। ২০০২ সালে এটি সংশোধন করা হয়। তবে আইনটি এখনো বাস্তবায়ন করা হয়নি। এছাড়া অর্পিত সম্পত্তি আইন ২০০১ দ্বারা অর্পিত সম্পত্তিকে প্রত্যর্পণযোগ্য অর্পিত সম্পত্তি এবং প্রত্যর্পণযোগ্য অর্পিত সম্পত্তির বহির্ভূত সম্পত্তি (ব্যক্তির দখলে থাকা) এই দুই ভাগে ভাগ করা হয়।
গত বছরের ৭ ডিসেম্বর ভূমিমন্ত্রী রেজাউল করীম হীরা বিলটি সংসদে উপস্থাপন করেন।
পরে স্পিকার এটি পরীক্ষা-নিরীক্ষার জন্য ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠান । কমিটি বিলটি স্পর্শকাতর বিবেচনায় সংশ্লিষ্টদের মতামতও নিয়েছে।
২০১০ সালের ৭ ডিসেম্বর অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধন) বিল-২০১০ জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম/এসইউএম/এমএসসি/পিডি/২১২০ ঘ.
bdnews24