ফেনী, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনী সদর উপজেলায় একটি সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত বিচারপতি আব্দুর রউফের স্ত্রী আয়েশা সুলতানা রউফ (৫০) নিহত হয়েছেন। আহত হন সাতজন।
মঙ্গলবার বিকালে উপজেলার বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির কাছে এ দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে।
একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে সাবেক প্রধান নির্বাচন কমিশনারের পরিবারের সদস্যরা মাইক্রেবাসে ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিলেন।
আহতদের মধ্যে বিচারপতির আত্মীয় মনজুরুল কবির নাফিস (২২), মো. শাহজালাল অপু (১৮), ছেলে এরশাদুর রউফ (৩০), ছেলের স্ত্রী সোনিয়া রউফ (২৭), মেয়ে আরমিন সুলতানা (২২), রুশ মিয়া (৫) ও আয়নাকে (৩) প্রথমে ফেনীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
ফেনীর ট্রাফিক পুলিশ পরিদর্শক ছায়দুল ইসলাম ও বোগদাদিয়া ফাঁড়ির ওসি রাইসুল ইসলাম জানান, বিকাল সাড়ে ৪টার দিকে চট্টগ্রামগামী মাইক্রোবাসটিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বোগদাদিয়া ফাঁড়ির কাছে বিপরীতমুখী একটি কাভার্ড ভ্যান চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আয়েশা সুলতানা রউফ মারা যান।
আহতদের ফেনী শহরের এসএসকে রোডের আলকেমি হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় মরদেহসহ আহতদের হেলিকপ্টারে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
এ ঘটনায় মামলা হয়েছে বলে পুলিশ জানায়। কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে।
খালেদা জিয়ার শোক: বিএনপি চেয়ারপার্সন ও বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়েশা সুলতানা রউফ-এর মৃতুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি তার আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
অপর এক বিবৃতিতে বিএনপি নেতৃবৃন্দও আয়েশা সুলতানা রউফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০০০ ঘ.
bdnews24