২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএফ'র 'নির্যাতনে' নিহত বাংলাদেশির লাশ ফেরত

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্তে আটক করার পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ'র 'নির্যাতনে' নিহত বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2011, 12:35 PM

Updated : 24 Aug 2022, 03:29 PM

ঠাকুরগাঁও, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্তে আটক করার পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ'র 'নির্যাতনে' নিহত বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর করা হয়েছে। সোমবার রাত ৯টায় বিএসএফ-২৩ ব্যাটালিয়নের সদস্যরা বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি'র কাছে মো. ভুলুর (৩৫) লাশ হস্তান্তর করে। শুক্রবার রাতে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বাদামবাড়ি কাসুয়া গ্রামের মনসুর আলীর ছেলে মো. ভুলুকে সীমান্তের ওপার থেকে আটক করে বিএসএফ। বিজিবি'র অভিযোগ, বিএসএফ ভুলুর উপর নির্যাতন চালালে ভারতের একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। শনিবার হাসপাতালে ভুলু মারা যান। ঠাকুরগাঁও বিজিবি-২০ এর অধিনায়ক লে. কর্নেল মাহফুজ আলম জানান, সোমাবার সন্ধ্যায় ধর্মগড় সীমান্তের ৩৭৩/১ এস পিলার এলাকায় বিএসএফ ও বিজিবি'র পতাকা বৈঠকের পর ভুলুর লাশ হস্তান্তর করা হয়। এসময় সেখানে বিজিবি ও বিএসএফ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে বিজিবি রানীশংকৈল থানায় ভুলুর লাশ হস্তান্তর করে। রানীশংকৈল থানার ওসি জাহিদুল ইসলাম জানান, মঙ্গলবার লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮২৫ ঘ.