শেরপুর, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছুটি চাইতে গিয়ে শিক্ষকের মারধরে শেরপুরের অষ্টম শ্রেণীর এক ছাত্রী রক্তাক্ত জখম হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার দুপুরে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ইলশা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনায় আহত হয় ইলশা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী ইয়াসমিন (১৩)।
ইয়াসমিন ইলশা গ্রামের মো. আব্দুর রাজ্জাকের মেয়ে।
মাথায় জখম নিয়ে মেয়েটি শেরপুর সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
ইয়াসমিন সাংবাদিকদের জানায়, বেলা ১টার দিকে স্কুলের দুইটি ক্লাস করার পর তার প্রচ- মাথাব্যথা শুরু হয়। এ সময় প্রধান শিক্ষক মো. সুরুজ্জামান ইংরেজি ক্লাস নিতে এলে ইয়াসমিন মাথাব্যথার কথা বলে ছুটি চায়।
কিন্তু প্রধান শিক্ষক ছুটি না দিয়ে উল্টো তাকে মারধর করেন হাতে থাকা ব্ল্যাকবোর্ড মোছার ডাস্টার দিয়ে। এতে তার মাথা ফেটে রক্ত বের হয়।
প্রথমে তাকে স্থানীয় একটি ফার্মেসিতে নেওয়া হয়। কিন্তু রক্তপাত বন্ধ না হলে স্বজনরা তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করায়।
হাসপাতালে ইয়াসমিনের মা সরিতন বেওয়া বলেন, "অসুস্থতার কারণে ছুটি না দিয়ে উল্টো যে শিক্ষক আমার মেয়ের মাথা ফাটাটিয়েছ আমি তার বিচার চাই।"
এ ব্যাপারে ইলশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সুরুজ্জামান বলেন, "ক্লাশের একটি গোলযোগ থামাতে গিয়ে তার মাথায় ডাস্টরের কোনা লেগে এ দুর্ঘটনা ঘটেছে। আমি ইচ্ছে করে তাকে মারিনি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪০ ঘ.
bdnews24