২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাবান্ধা-তেঁতুলিয়া সড়ক অবরোধ প্রত্যাহার

বন্দরে পণ্য ওঠানামার (লোড-আনলোড) কাজ করতে দেওয়ার দাবিতে শুরু করা সড়ক অবরোধ আটঘণ্টা পর প্রত্যাহার করেছে সিপাহীপাড়া কুলি মজদুর শ্রমিক ইউনিয়ন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2011, 03:32 PM

Updated : 24 Aug 2022, 03:29 PM

পঞ্চগড়, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্দরে পণ্য ওঠানামার (লোড-আনলোড) কাজ করতে দেওয়ার দাবিতে শুরু করা সড়ক অবরোধ আটঘণ্টা পর প্রত্যাহার করেছে সিপাহীপাড়া কুলি মজদুর শ্রমিক ইউনিয়ন। সোমবার সকাল ৮টা থেকে তারা বাংলাবান্ধা স্থলবন্দর থেকে তিন কিলোমিটার দূরে সিপাহীপাড়ায় বাংলাবান্ধা-তেঁতুলিয়া সড়ক অবরোধ করে তারা। আলোচনার মাধ্যমে দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি পেয়ে বিকাল ৪টায় অবরোধ প্রত্যাহার করে নেয়। তেঁতুলিয়া থানার ওসি মাহবুব-উল-আলম বলেন, দুপুর থেকে বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদে সংগঠনটির নেতাদের সঙ্গে আলোচনা চলছিল। আগামীকাল (মঙ্গলবার) সকালে ইউএনওসহ প্রশাসনের সংশ্লিষ্টরা তাদের দাবি নিয়ে আলোচনায় বসার প্রতিশ্রুতি দিলে বিকাল ৪টায় অবরোধ তুলে নেয়। বৈঠকে আরো উপস্থিত ছিলেন- ভজনপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সামিউল ইসলাম, বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান নাইবুল ইসলামসহ অবরোধকারী সংগঠনের নেতৃবৃন্দ। শ্রমিক সংগঠনটির সভাপতি মো. ইমদাদুল হক বলেন, "দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি পেয়ে আমরা আপাতত আন্দোলন থেকে সরে এসেছি। দাবি না মানলে আবার আন্দোলনে ফিরে যাব।" পঞ্চগড় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সার্কেলের রাজস্ব কর্মকর্তা মো. আব্দুল লতিফ বলেন, অবরোধ প্রত্যাহারের পর স্থলবন্দরে স্বাভাবিক কার্যক্রম চলেছে। স্থলবন্দরে কাজ করার জন্য এ সংগঠনের অনুমোদন নেই বলে দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন মো. আব্দুল লতিফ। পণ্য ওঠানামার কাজে নিয়োজিত বাংলাবান্ধা স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন সভাপতি ইউসুফ আলী বলেন, "স্থলবন্দরে কার্যক্রম চালু হওয়ার পর থেকে আমরাই কাজ করে আসছি।" কুলি মজদুর শ্রমিক ইউনিয়নের নেতারা দীর্ঘদিন ধরে বাংলাবান্ধা স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের কাছে অর্ধেক পণ্য ওঠানামার কাজ করতে দেওয়ার দাবি জানিয়ে আসছে। তবে কুলি মজদুর শ্রমিক ইউনিয়ন সভাপতি মো. ইমদাদুল হক তাদের সংগঠনকে অনুমোদিত বলে দাবি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২৩ ঘ.