ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে পাহাড় কাটায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের ও আইনি পদক্ষেপ নিতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
১০ দিনের মধ্যে সুপ্রিম কোর্টের নিবন্ধকের মাধ্যমে এ সংক্রান্ত অগ্রগতি প্রতিবেদন আদালতে জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়।
একটি রিট আবেদনে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি এম মোয়াজ্জাম হোসেনের বেঞ্চ সোমবার এ আদেশ দেয়।
সেইসঙ্গে বাঁশখালীর গুনাগাড়ি পাহাড়ের কাটা অংশ ছয় মাসের মধ্যে ভরাট করতে পুলিশ সুপার ও ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। ভরাটের খরচ পাহাড় কাটার সঙ্গে জড়িতদের কাছ থেকে আদায় করতে বলেছে আদালত।
বাঁশখালীর গুনাগাড়ি পাহাড় কাটা বন্ধে আইনি সহায়তা চেয়ে এক আদিবাসী সংগঠনের আবেদনে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ এর পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ সকালে রিটটি দায়ের করেন।
পাশাপাশি চট্টগ্রামের বাঁশখালী ও অন্য উপজেলাগুলোতে পাহাড়কাটা বন্ধে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ও আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না তারও ব্যাখ্যা চেয়েছে আদালত।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, পরিবেশ সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, চট্টগ্রামের জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, বাঁশখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ওই থানার ওসিকে তিন সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
কেউ যাতে পাহাড় কাটা, ক্ষতিসাধন বা ধ্বংস করতে না পারে সেজন্য বাঁশখালী ও চট্টগ্রামের অন্য উপজেলার পাহাড়গুলোতে নিয়মিত তদারকি করতে জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, বাঁশখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওই থানার ওসিকে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।
শুনানিতে অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, দেশের বিদ্যমান আইন অনুযায়ী পাহাড় কাটা নিষিদ্ধ। এর ফলে পরিবেশ মারাত্মক বিপর্যয়ের হুমকির মুখে পড়ে। এটা দেশের সংবিধানের ৩১ অনুচ্ছেদের মৌলিক অধিকারের সঙ্গে সম্পর্কিত।
তিনি বলেন, "অতিবৃষ্টিতে পাহাড় ধসে প্রতি বছর বহু মানুষের প্রাণহানি ঘটে। সুতরাং মানুষের জীবন রক্ষায় পাহাড় কাটা বন্ধ করতে হবে।"
সরকার পক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল করুণাময় চাকমা।
প্রবল বর্ষণে গত শুক্রবার ভোরে চট্টগ্রামের বাটালি হিল এলাকায় পাহাড় ও দেয়াল ধসে ১৭ জন নিহত হয়।
এর আগে ২০০৭ সালের ১১ জুন চট্টগ্রামে পাহাড় ধসে ১২৮ জনের মৃত্যু হয়। ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটি একে 'মানবসৃষ্ট বিপর্যয়' হিসেবে চিহ্নিত করে এবং ওই গণমৃত্যুর জন্য পাহাড় দখলকারী প্রভাবশালী ভূমিদস্যুদের এবং পাহাড়ে নিু আয়ের মানুষের ঝুঁকিপূর্ণ বসবাসকে দায়ী করে। পরের বছর লালখান বাজারের মতিঝর্ণায় মাটি চাপা পড়ে নিহত হয় ১১ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/এইচএ/১৯৫৫ ঘ.
bdnews24