গাইবান্ধা, ০৩ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কয়েকদিনের টানা বর্ষণে গাইবান্ধায় তিস্তা, ব্রহ্মপুত্র, ঘাঘট, করতোয়াসহ সব নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে।
তবে নদীগুলোর পানি এখনো বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জেলা পানি উন্নয়ন বোর্ড জানায়।
এতে নদী তীরের ভাঙন শুরু হওয়ায় ফুলছড়ি, সাঘাটা, সুন্দরগঞ্জ, সাদুল্লাপুর ও সদর উপজেলার শতাধিক ঘরবাড়িসহ বহু জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
চরাঞ্চলের বহু পাটক্ষেতে পানি ঢুকেছে। আমন বীজতলা নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।
রোববার জেলা পানি উন্নয়ন বোর্ড কার্যালয় জানায়, গত ২৪ ঘণ্টায় গাইবান্ধায় ১৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ব্রহ্মপুত্র নদের পানি ৩৭ সেন্টিমিটার, তিস্তার ১৬ সেন্টিমিটার, ঘাঘটের ২৯ সেন্টিমিটার ও করতোয়ার পানি ৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।
এলাকায় গিয়ে দেখা যায়, সাবেক ফুলছড়ি উপজেলা হেড কোয়ার্টারের কামারপাড়া ও বাউসি নামাপাড়ায় ভাঙন শুরু হওয়ায় ফুলছড়ি ডিগ্রি কলেজসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ও ঈদগাহ হুমকির মুখে পড়েছে।
গজারিয়া ইউনিয়নের জিয়াডাঙ্গা রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ওই এলাকার বেশকিছু ঘরবাড়ি যমুনাগর্ভে বিলীন হয়ে গেছে।
সাঘাটা উপজেলা সদর বাজার এলাকা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হাইস্কুলসহ কয়েকটি এলাকায় যমুনার ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। ইতোমধ্যে ওই এলাকায় ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একটি অংশ ধসে পড়েছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মীর মোশারফ হোসেন জানান, নদী ভাঙনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২২১০ ঘ.
bdnews24