ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিকিৎসকের পোশাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ার্ডে প্রবেশ করে রোগী দেখার সময় এক 'ভুয়া' চিকিৎসককে আটক করা হয়েছে।
রোববার বিকাল ৪টার দিকে মসিউর রহমান সম্রাট (২৪) নামে ওই ভুয়া চিকিৎসকে আটক করে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।
হাসপাতালের পরিচালক শহিদুল হক মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চিকিৎসকের পোশাক পরে সম্রাট ২১২ নম্বর ওয়ার্ডে রোগীদের খোঁজ খবর নিচ্ছিলেন। তবে বিষয়টি বুঝতে পেরে ওই ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসক তাকে পুলিশে সোপর্দ করেন।
তিনি বলেন, "গরিব রোগীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা-পয়সা হাতিয়ে নেওয়ার জন্যই এ বেশ ধরে ওয়ার্ডে প্রবেশ করেছিলেন সম্রাট।"
শাহবাগ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নুরুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তারকৃত সম্রাটের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২২০২ ঘ.
bdnews24