বান্দরবান, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম)- বান্দরবান সদর উপজেলা থেকে একে-৪৭ ও চাইনিজ রাইফেলসহ দুইজনকে আটক করেছে সেনাবাহিনীর একটি দল।
রোববার কুহালং ইউনিয়নের ডলুপাড়ার আমতলীর পাহাড়ে এ অভিযানে আটক দুজন হলেন- সাচিংমং মারমা ও নিওচিং মারমা।
তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি একে-৪৭ রাইফেল, একটি চাইনিজ রাইফেল ও ১৯৫টি বুলেট।
আটক দু'জন পার্বত্য শান্তিচুক্তি বিরোধী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট'র (ইউপিডিএফ) সদস্য বলে সেনা কর্মকর্তারা জানান।
সেনাবাহিনীর ৬৯ বান্দরবান ব্রিগেডের মেজর সৈয়দ লোকমান হামিদ সন্ধ্যায় সাংবাদিকদের জানান, গোপন সংবাদ পেয়ে দুপুরে সেনাবাহিনীর বান্দরবান সদর জোন ও ডলুপাড়া ক্যাম্পের সদস্যরা এই অভিযান চালায়।
তিনি জানান, সন্ত্রাসীরা সেখানে অস্ত্র নিয়ে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
আটকতদের সেনাবাহিনীর বান্দরবান জোন সদরদপ্তরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এরা ইউপিডিএফ'র সক্রিয় সদস্য বলে জানান এই সেনা কর্মকর্তা।
সাচিংমং মারমার বাড়ি রাঙ্গামাটি জেলায় এবং নিওচিং মারমার বাড়ি বান্দরবান সদর উপজেলার কানাইজোপাড়ায়।
বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২১৪৬ ঘ.
bdnews24