ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওষুধ উৎপাদনে যথাযথ মাননিয়ন্ত্রণ নীতি অনুসরণ না করায় ৬২টি কোম্পানির লাইসেন্স বাতিলের সুপারিশ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
রোববার স্থায়ী কমিটির সদস্য পিরোজপুর-৩ আসনের সাংসদ মো. আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
ওষুধ কোম্পানির ওপর তদন্ত শুরুর দুই বছরের মাথায় এ সুপারিশ এলো।
সংসদ ভবনে কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে ১৬তম বৈঠকে এ সুপারিশ করা হয়।
বৈঠক শেষে আনোয়ার হোসেন বলেন, "ওষুধ উৎপাদনে যথাযথ মাননিয়ন্ত্রণ নীতি অনুসরণ না করায় ডি-গ্র"পের ৬২ ফার্মাসিউটিক্যালস কোম্পানির লাইসেন্স বাতিলে যত দ্রুত সম্ভব পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে সি-গ্র"পের কোম্পানিগুলোকে সতর্ক করে নোটিস দিতে বলা হয়েছে।"
এসব কোম্পানির মধ্যে এ ও বি গ্র"প ওষুধ উৎপাদনে মাননিয়ন্ত্রণ নীতি অনুসরণ করছে বলেও জানান তিনি।
২০০৯ সালের ২৯ জুলাই দেশের সব ফার্মাসিউটিক্যালস কোম্পানির উপর তদন্ত প্রতিবেদন উপস্থাপনের জন্য নাজমুল হাসান এমপিকে নিয়ে এক সদস্য বিশিষ্ট সংসদীয় সাব-কমিটি গঠন করা হয়। রোববার মূল কমিটিতে প্রতিবেদন উপস্থাপন করেন নাজমুল। পরে সাব-কমিটির সুপারিশের আলোকে মন্ত্রণালয়কে পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ এর সাধারণ সম্পাদক আবদুল মুক্তাদির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওষুধ শিল্পে কোনো ক্যাটাগরি নেই, ওষুধ প্রশাসন পরিদপ্তরই এ শিল্প নিয়ন্ত্রণ করে থাকে।
তবে তিনি সংসদীয় কমিটির লাইসেন্স বাতিলের সুপারিশ সম্পর্কে কোনো মন্তব্য করতে চাননি।
দেশে বর্তমানে ২৪০ টির মতো ওষুধ কোম্পানি রয়েছে।
কমিটির সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আফম রুহুল হক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির, মোহাম্মদ আমানউল্লাহ, অধ্যাপক ডা. এম এ মান্নান, মতিউর রহমান, মো. আনোয়ার হোসেন, নাজমুল হাসান এবং জেড আই এম মোস্তফা আলী বৈঠকে অংশ নেন।
এ সময় স্বাস্থ্য সচিব মুহম্মদ হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/এইচএ/২১৩৪ ঘ.
bdnews24