২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেওয়াল ধস: দুর্বল ভিত্তি ও নির্মাণ ত্রুটি

চট্টগ্রামের বাটালি হিলে প্রতিরক্ষা দেওয়াল ধসের কারণ হিসেবে এর দুর্বল ভিত্তি ও নির্মাণ ত্রুটিকে দায়ী করেছে সরকারের গঠিত তদন্ত কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2011, 03:37 PM

Updated : 24 Aug 2022, 03:28 PM

চট্টগ্রাম, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বাটালি হিলে প্রতিরক্ষা দেওয়াল ধসের কারণ হিসেবে এর দুর্বল ভিত্তি ও নির্মাণ ত্রুটিকে দায়ী করেছে সরকারের গঠিত তদন্ত কমিটি। অন্যদিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটি ওই প্রতিরক্ষা দেওয়াল নির্মাণ সংশ্লিষ্ট ছয়টি ফাইল রোববার জব্দ করেছে। শুক্রবার ভোরে টাইগার পাস এলাকার বাটালি হিলের মাটি ও প্রতিরক্ষা দেওয়াল ধসে পাঁচ পরিবারের আট শিশুসহ ১৭ জনের মৃত্যু হয়। ঘটনা তদন্তে ওই দিনই অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এহসানে এলাহীকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি করা হয়। রোববার কমিটি প্রধান এহসানে এলাহী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রতিরক্ষা দেওয়াল কীভাবে ভেঙে পড়লো- আমরা প্রাথমিকভাবে তা খতিয়ে দেখছি। প্রযুক্তিগতভাবে বিশেষজ্ঞ না হলেও আপাতদৃষ্টিতে মনে হয়েছে, ভিত দুর্বল থাকায় দেওয়ালটি ভেঙে পড়েছে। এছাড়া এর কাঠামোও ভালো ছিলো না।" প্রতিরক্ষা দেওয়ালে পানি নিষ্কাশনে আলাদা কোনো ব্যবস্থা না থাকায় পানির চাপের কারণে দুর্ঘটনা হয়ে থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি। "দেওয়ালে ছিদ্র থাকলেও তা বন্ধ দেখা গেছে। ওই এলাকায় লোকজন একেবারে দেওয়াল ঘেঁষে বসতি স্থাপন করে ছিদ্রগুলো বন্ধ করে দিয়ে থাকতে পারে," যোগ করেন এলাহী। সরকারের এই তদন্ত দল শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে। তদন্তের জন্য তাদের হাতে সময় আছে আর তিন দিন। ফাইল জব্দ দেওয়াল ও পাহাড় ধসের ঘটনায় গঠিত সিসিসি'র আট সদস্যের তদন্ত কমিটি কাজ শুরুর প্রথম দিনই প্রতিরক্ষা দেওয়াল নির্মাণ সংশ্লিষ্ট ছয়টি ফাইল জব্দ করেছে। রোববার দুপুরে এ কমিটি তদন্ত শুরু করে। কমিটি প্রধান ও ওয়ার্ড কাউন্সিলর এসএম ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রাথমিকভাবে দেওয়াল নির্মাণ কাজের ছয়টি ফাইল জব্দ করেছি। নির্মাণ কাজ কোন ঠিকাদারি প্রতিষ্ঠান করেছে এবং এক্ষেত্রে অন্য কারও ত্র"টি বা অনিয়ম হয়েছে আছে কি না- তা খতিয়ে দেখবো।" বাটালি হিলের মালিকানা গণপূর্ত অধিদপ্তরের হলেও ওই প্রতিরক্ষা দেওয়াল নির্মাণ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। আর যেখানে দুর্ঘটনা ঘটেছে, সেই জমির মালিক বাংলাদেশ রেলওয়ে। বাটালি হিলের পাশে ৩৬০ ফুট প্রতিরক্ষা দেওয়ালটি নির্মাণ করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ছয়জন ঠিকাদার। এর মধ্যে ৬০ ফুট অংশ গিয়াস উদ্দিন নামের এক ঠিকাদার ২০০৮ সালে নির্মাণ শুরু করেন এবং ২০০৯-১০ অর্থবছরে কাজ শেষ করে করপোরেশনকে বুঝিয়ে দেন। এরই ৩০ ফুট শুক্রবার সকালে ধসে পড়ে। তদন্ত কমিটির প্রধান ইকবাল হোসেন বলেন, "দেওয়াল ধসের বিষয়ে সুনির্দিষ্ট কিছু তথ্য আমাদের কাছে আছে। তদন্তের স্বার্থে আমরা এখনই কিছু বলতে চাচ্ছি না।" পৃথক তদন্ত কমিটি প্রকৌশলীদের জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের পর দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে এবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের পক্ষ থেকে তদন্ত কমিটি করা হয়েছে। রোববার দুপুরে চট্টগ্রাম প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাহাঙ্গীর আলমকে আহবায়ক করে নয় সদস্যের এ কমিটি করা হয়। কমিটির সদস্য সচিব করা হয়েছে প্রকৌশলী এম এ রশিদকে। কমিটির সদস্য ও ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন চট্টগ্রামের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী দেলোয়ার মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাত দিনের মধ্যে কমিটি প্রতিবেদন দেবে। তিনি বলেন, "দুর্ঘটনাস্থল বাটালি পাহাড়ের প্রতিরক্ষা দেওয়াল নির্মাণে সমন্বয়হীনতা ছিল, তা প্রাথমিক পরিদর্শনেই দেখা গেছে। ওই স্থানে পানির চাপ সহ্য করার জন্য হুইপ হোল থাকলেও তা বন্ধ ছিলো। ফলে প্রবল বৃষ্টিতে নেমে আসা পানির চাপ সহ্য করতে না পেরে পাহাড় ও দেওয়াল ধসে পড়েছে বলে মনে হচ্ছে।" প্রকৌশলী দেলোয়ার বলেন, ওই প্রতিরক্ষা দেওয়ালে 'কন্ট্রোল গাইডেন্স ড্রেনেজ সিস্টেম' ছিলো না। কাঠামোগত এবং পরিকল্পনার ক্ষেত্রে সামঞ্জস্যহীনতা রয়েছে কি না- তাও খতিয়ে দেখতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এএল/জেকে/২১২৮ ঘ.