ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাঠ প্রশাসনের চার জেলায় চারজন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) এবং ১৪ জন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পদে রদবদল হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে রোববার এসব রদবদল করা হয়।
চারজন অতিরিক্ত জেলা প্রশাসকের মধ্যে একজনকে অন্য জেলায় এবং তিনজনকে নতুন করে এডিসি'র দায়িত্ব দেওয়া হয়েছে।
এদের মধ্যে ভোলার এডিসি ইসমাইল হোসেনকে পিরোজপুরের এডিসি হিসেবে বদলি করা হয়েছে।
এ ছাড়া খুলনার দীঘলিয়া ইউএনও রফিকুল ইসলামকে পিরোজপুর, ভোলা সদরের ইউএনও সেলিম ফকিরকে পটুয়াখালী ও মৌলভীবাজার শ্রীমঙ্গলের ইউএনও ফয়েজ আহমেদকে বান্দরবানের এডিসি পদে নিয়োগ করা হয়েছে।
ইউএনও নিয়োগের জন্য ভোলার বোরহানউদ্দিনের ইউএনও নজরুল ইসলাম ও ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরের ইউএনও জামিল আহমেদকে ঢাকা এবং কক্সবাজার উখিয়ার ইউএনও এএইচএম আসিফ বিন ইকরামকে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
নতুন করে ইউএনও'র দায়িত্ব দেওয়ার জন্য পাবনা সদরের সহকারী কমিশনার (ভূমি) মোস্তাক আহমেদ ও নওগাঁ আত্রাইয়ের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদ ইসলামকে রাজশাহী, ময়মনসিংহের ফুলপুরের সহকারি কমিশনার (ভূমি) কাজী মাহবুবুর রশীদকে বরিশাল, অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব টিকেএম মুশফিকুর রহমান ও নরসিংদী সদরের সহকারি কমিশনার (ভূমি) হাবিবুর রহমানকে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
ইউএনও'র দায়িত্ব পালনের জন্য দিনাজপুর চিরিরবন্দরের সহকারী কশিনার (ভূমি) সৈয়দ ফরহাদ হোসেন, শেরপুর নালিতাবাড়ীর সহকারি কমিশনার (ভূমি) শাহীনুর আলম ও ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার জহিরুল ইসলামকে রংপুর এবং চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ইয়াসিমন পারভীন তিব্রিজি, কিশোরগঞ্জ তারাইলের সহকারী কমিশনার (ভূমি) মাসুদ হোসেন ও সাভার বিপিএপিসি'র সহকারী পরিচালক আবু সালেহ মোহাম্মদ ওবায়দুল্লাকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
এ ছাড়াও সড়ক ও রেলপথ বিভাগের তিন সিনিয়র সহকারী সচিবকে নবগঠিত সড়ক বিভাগের সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হয়েছে।
এ তিনজন হলেন- তসলিমা কানিজ নাহিদা, সৈয়দা সালমা বেগম ও মোহাম্মদ ইলিয়াস হোসেন।
ময়মনসিংহ সদরের সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন আলীকে প্রত্যাহার করে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। একইসঙ্গে এরআগে তাকে ইউএনও নিয়োগের জন্য বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করার আদেশটি বাতিল করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শাহানুর আলমকে ন্যস্ত ন্যাশনাল ডিফেন্স কলেজের গবেষণা সমন্বয়কারী (রিসার্চ কো-অর্ডিনেটর) ও বদরুল হককে এনজিও বিষয়ক ব্যুরোর অ্যাসাইনমেন্ট অফিসার পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
এ ছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সহকারী রাসায়নিক পরীক্ষক শফিকুল ইসলাম সরকারকে র্যাব ফোর্সের সদর দপ্তরের সহকারী পরিচালক ও গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মোহাম্মদ জিয়াউল হককে সব জেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/২১১৫ ঘ.
bdnews24