২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ পর্যন্ত আলোচনাতেই সমাধান আসবে: আশরাফ

হরতাল করে কোনো সমস্যার সমাধান হবে না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমেই সমাধন আসবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2011, 02:34 PM

Updated : 24 Aug 2022, 03:28 PM

ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়োন্টফোর ডটকম)- হরতাল করে কোনো সমস্যার সমাধান হবে না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমেই সমাধান আসবে। রোববার বিকালে পাবলিক লাইব্রেরি মিলতায়তনে এক অনুষ্ঠান শেষে বিরোধী দলের হরতালের ঘোষণার প্রতিক্রিয়ায় স্থানীয় সরকার মন্ত্রী আশরাফ বলেন, "আলোচনা ছাড়া এর (সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে বিরোধ) কোনো সুরাহা হবে না। অ্যাট দি এন্ড আলোচনার মাধ্যমই সব বিষয়ে সমাধান হবে- আমি আপনাদের এটুকু বলতে পারি।" "মাঝখানে হরতাল-হরতাল খেলায় জাতির সময় ও সম্পদের অপচয় হবে। এর চেয়ে বেশি কিছু হরতালের মাধ্যমে অর্জন করা যাবে না," যোগ করেন এই আওয়ামী লীগ নেতা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলুপ্তসহ ৫৫টি সংশোধন প্রস্তাব সম্বলিত এই বিলটি বৃহস্পতিবার বিরোধী দলের অনুপস্থিতিতেই সংসদে বিভক্তি ভোটে পাস হয়। রোবাবর ওই বিলে সম্মতিও দিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। পঞ্চদশ সংশোধনীর সমালোচনা করে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, সংবিধান এখন আওয়ামী লীগের ইশতেহারে পরিণত হয়েছে। এর ফলে সংঘাত অনিবার্য হয়ে উঠেছে। সংবিধান সংশোধনের প্রতিবাদে বুধ ও বৃহস্পতিবার টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি। এ ছাড়া সংশোধিত সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম ও 'বিসমিল্লাহ' বহাল রাখা হলেও 'আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস' শব্দবন্ধ বাদ পড়ায় বিএনপির মিত্র বলে পরিচিত ১২টি দল আগামী ১০ ও ১১ জুলাই সারাদেশে ৩০ ঘণ্টার হরতাল কর্মসূচি দিয়েছে। এ বিষয়ে প্রশ্ন করলে সৈয়দ আশরাফ বলেন, "এখনো সুযোগ শেষ হয়ে যায়নি। আলোচনার দ্বার সরকার এখনো খোলা রেখেছে। বিরোধীদল সংসদে আসুক। প্রস্তাব দিলে, তা নিয়ে আলোচনা হতে পারে।" এর আগে পাবলিক লাইব্রেরি মিলতায়তনে জন্মনিবন্ধন দিবস-২০১১ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নেন স্থানীয় সরকার মন্ত্রী। অনুষ্ঠান শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। পঞ্চদশ সংশোধনী নিয়ে আলোচনার জন্য সরকারের পক্ষ থেকে বিরোধীদলের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে কি না জানতে চাইলে আশরাফ কিছুটা সময় নিয়ে বলেন, "এ বিষয়ে আপনাদের এখন কিছু বলা যাবে না।" আগামী ৬ ও ৭ জুলাই হরতাল ডাকার কোনো প্রয়োজন ছিলো না মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, "আমরা বিএনপিকে আলোচনায় বসার জন্য আহবান জানিয়ে আসছি। যে কোনো ইস্যুতে আমরা আলোচনায় প্রস্তুত।" তারপরও বিরোধীদলের ডাকা হরতাল শান্তিপূর্ণ হবে- এই আশা প্রকাশ করেন সৈয়দ আশরাফ। তিনি বলেন, "হরতাল করার অধিকার সবারই আছে। হরতাল ডাকবেন কি, ডাকবেন না- সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। হরতাল যৌক্তিক কী, অযৌক্তিক- সেটা আপনার বিবেকের ওপর নির্ভর করে।" হরতালকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা রক্ষা ও নাগরিকদের সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সব ধরনের ব্যবস্থা নেবে বলেও উল্লেখ করেন আশরাফ। তিনি বলেন, "জনগণের জান-মাল রক্ষা করাই সরকারের প্রথম দায়িত্ব। সরকার সে দায়িত্ব থেকে পিছ-পা হবে না।" পঞ্চদশ সংশোধনী বিল পাসের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে প্রধান বিরোধীদলকে আলোচনার আসার আহবান জানিয়ে যে বক্তব্য দিয়েছেন, তার উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, "হরতালের পরিকল্পনা বাদ দিয়ে- আসুন আমরা আলোচনা করি। নির্বাচন ব্যবস্থা নিয়ে আমরা একটা ঐক্যমত্যে আসি। আমরা আশা করছি- তারা প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দেবেন।" সৈয়দ আশরাফ বলেন, "সামনে অনেকগুলো ইস্যু রয়েছে যা, সংবিধান সংশোধনের মাধমে সুরাহা হয়নি।" নির্বাচন কমিশন কীভাবে নিযুক্ত হবে, ভোটার তালিকা কীভাবে হবে, নির্বাচন কবে হবে- এ বিষয়গুলো নিয়ে এখনো আলোচনার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি। আশরাফ বলেন, "যেখানে আলোচনা বন্ধ, সেখানে সংঘাত অনিবার্য।" বিডিনিউজ টোয়োন্টফোর ডটকম/এসইউএম/জেকে/২০৩৪ ঘ. এ সম্পর্কিত আরো খবর নির্বাচন আ.লীগের অধীনেই