২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'পথ ভুলে' ধরলায় এসে ধরা পড়লো ডলফিন

গভীর জলের প্রাণী ডলফিন 'পথ ভুলে' ধরলা নদীতে এসে ধরা পড়লো জেলেদের হাতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2011, 01:21 PM

Updated : 24 Aug 2022, 03:28 PM

কুড়িগ্রাম, জুলাই্ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গভীর জলের প্রাণী ডলফিন 'পথ ভুলে' ধরলা নদীতে এসে ধরা পড়লো জেলেদের হাতে। রোববার ভোরে কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি এলাকায় সাড়ে ৩ ফুট দৈর্ঘ্য ও ২১ কেজি ওজনের এই ডলফিনটি ধরা পড়ে। পরে স্থানীয় ওই জেলেরা এক মৎস্য ব্যবসায়ীর কাছে এটি বিক্রি করে দেন। কুড়িগ্রাম পৌরবাজারে এটি বিক্রি করতে আনা হলে মানুষের ভিড় জমে যায়। গোড়াই গ্রামের মৎস্য ব্যবসায়ী অমল (৪৫) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার ভোর ৫টার দিকে স্থানীয় জেলেদের চটকা জালে ডলফিনটি ধরা পড়ে। তিনি তাদের কাছ থেকে এক হাজার টাকায় এটি কিনে নেন। গত বছরও তিনি একটি মৃত ডলফিন কিনে বাজারে বিক্রি করেন বলে জানান। তিনি আরো জানান, ডলফিন থেকে উৎপাদিত তেল স্থানীয়রা মাছ ধরার টোপ বানাতে এবং বিভিন্ন কবিরাজি চিকিৎসায় ব্যবহার করা হয়। কুড়িগ্রাম সদর উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা পরিমল সাহা জানান, গভীর জলের এই প্রাণী কোনো কারণে পথ ভুলে ধরলা নদীতে এসে পড়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/ডিডি/১৯১৫ ঘ.