২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেডিকেলের পেশাগত পরীক্ষার প্রশ্ন ফাঁস, গ্রেপ্তার ২

মেডিকেল কলেজের দ্বিতীয় পেশাগত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করার অভিযোগে রাজধানীর প্রেসক্লাব এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2011, 01:11 PM

Updated : 24 Aug 2022, 03:28 PM

ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেডিকেল কলেজের দ্বিতীয় পেশাগত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করার অভিযোগে রাজধানীর প্রেসক্লাব এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এদের মধ্যে একজন চিকিৎসক ও অন্যজন মেডিকেল কলেজছাত্র। রোববার ভোররাতে প্রেসক্লাব এলাকা থেকে শওকত হোসেন স্বপন (২৬) ও মো. এহতেশামুল হক (২৪) নামে ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১ এর পরিচালক মো. রাশেদুল আলম জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে স্বপন ন্যাশনাল মেডিকেল কলেজের ছাত্র ছিলেন। তিনি পাস করে বেরিয়ে গেছেন। অপরজন একই কলেজে পড়ছেন। "রাতে তাদের কাছে থাকা হাতে লেখা প্রশ্নপত্র পাওয়া যায়। রোববার মেডিকেল কলেজের প্রফেশনাল পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে উদ্ধার হওয়া প্রশ্নের অনেক মিল রয়েছে।" গ্রেপ্তারকৃতরা মোটা অংকের অর্থের বিনিময়ে প্রশ্নপত্র বিক্রি করতেন বলে স্বীকার করেছেন। স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক এম এ আজাহার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রোববার দ্বিতীয় পেশাগত পরীক্ষা নেওয়া হয়েছে। আজকের বিষয় ছিলো প্যাথলজি।" ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন অধ্যাপক ইসমাইল খান বলেন, "রোববার ত্রিশটি মেডিকেলে দ্বিতীয় পেশাগত পরীক্ষা ছিলো। প্রশ্ন ফাঁসের কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। আমরাও এ ধরনের কোনো আলামত পাইনি। অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/১৯০৮ ঘ.