২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামের বাড়িতে লিমন

অস্ত্র মামলায় হাজিরা দিয়ে গ্রামে গিয়েও নিজের বাড়ি যাননি র‌্যাবের গুলিতে পা হারানো কলেজ ছাত্র লিমন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2011, 12:38 PM

Updated : 24 Aug 2022, 03:28 PM

বরিশাল, জুলাই ০৩ (বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ত্র মামলায় হাজিরা দিয়ে গ্রামে গিয়েও নিজের বাড়ি যাননি র‌্যাবের গুলিতে পা হারানো কলেজ ছাত্র লিমন। রোববার দুপুর ১টায় আইন ও সালিস কেন্দ্রের প্রতিনিধিদের সঙ্গে লিমন ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে যান। তাকে নিয়ে যাওয়া গাড়িতেই একঘণ্টা বসে থেকে দুপুর ২টায় আবার ওই গাড়িতেই ঢাকার উদ্দেশে রাজাপুর ত্যাগ করেন। এর আগে সকালে অস্ত্র মামলায় হাজিরা দেন ঝালকাঠির বিশেষ ট্রাইব্যুনাল-২ এ। আদালতে লিমনের আইনজীবীরা তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করেন। বিচারক মো. সিদ্দিকুল আরেফিন চৌধুরী আবেদনের ওপর শুনানির জন্য আগামী ১৫ সেপ্টেম্বর দিন ধার্য করেন। স্বজনরা তাকে বাড়ি না যাওয়ার কারণ জিজ্ঞেস করলে লিমন বলেন, "আমি নিজে যেদিন হাঁটতে পারবো সেদিনই আমার ঘরে যাব।" এ সময় তিনি সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন। পা হারানোর পর এই প্রথম লিমন গ্রামে গেলেন। সবার সঙ্গে দেখা করতে পেরে তার ভাল লেগেছে বলে জানান। লিমনের সঙ্গে যাওয়া আইন ও সালিস কেন্দ্রের পরিচালক মো. নুর খান, তথ্য কর্মকর্তা আবু আহম্মদ ফয়জুল কবির, আইনজীবী আব্দুর রশিদ ও নুরুল কবীর নয়ন এবং লিমনের নিজের আইনজীবী আক্কাস সিকদার তাদের বাড়ি, গুলিবিদ্ধ হওয়ার স্থান পরিদর্শন করেন। স্থানীয়দের সঙ্গে কথা বলেন তারা। পরিদর্শনকালে আইন ও সালিস কেন্দ্রের পরিচালক মো. নুর খান সাংবাদিকদের বলেন, আশপাশের মানুষের সঙ্গে কথা বলে জানতে পেরেছি ওইদিন র‌্যাবের সঙ্গে কোনো বন্ধুক যুদ্ধের ঘটনা ঘটেনি। শুধুমাত্র একটি গুলি হয়েছিল। লিমনের একটি পা সংযোজন করা হবে বলেও জানিয়েছেন তিনি। গত ২৩ মার্চ র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হলে ঝালকাঠির রাজাপুর উপজেলার জমাদ্দারহাটের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী লিমন হোসনের একটি পা কেটে বাদ দিতে হয়। একইদিন র‌্যাব লিমনের বিরুদ্ধে দু'টি মামলা করে। একটি অস্ত্র আইনে এবং একটি সরকারি কাজে বাধাদানের অভিযোগে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৮৩৭ ঘ.