২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নূর আর তার দুই মেয়ে সিজোফ্রেনিয়ায় ভুগছেন

দেড় বছর বিচ্ছিন্ন জীবনে থাকা নূর উদ্দিন ও তার দুই মেয়ে সাফিয়া-আফিয়ার চিকিৎসা চলছে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। তারা সিজোফ্রেনিয়ায় ভুগছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2011, 12:14 PM

Updated : 24 Aug 2022, 03:28 PM

সিলেট, জুলাই ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে দেড় বছর বিচ্ছিন্ন জীবনে থাকা বাবা ও দুই মেয়ে দীর্ঘদিন ধরেই মনোরোগ সিজোফ্রেনিয়ায় ভুগছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। লন্ডনফেরত নূর উদ্দিন (৬০) ও তার দুই মেয়ে সাফিয়া খাতুন (৩০) ও আফিয়া খাতুনকে (২৮) শনিবার দুপুরে সিলেটের হাউজিং এস্টেট এলাকার একটি বাসা থেকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মেডিসিন ও সাইকিয়াট্রিক বিভাগের চিকিৎসকদের তত্ত্বাবধানে তাদের চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, এই তিনজনের দীর্ঘ সময় চিকিৎসা প্রয়োজন। তারা স্বাভাবিক খাবার খাচ্ছেন। নূর উদ্দিন সিজোফ্রেনিয়ার পাশাপাশি উচ্চ রক্তচাপেও ভুগছেন। সাফিয়া শারিরিকভাবে খুবই দুর্বল। তিনি কথা বলতে পারছেন না। অফিয়ার অবস্থা অন্যদের তুলনায় কিছুটা ভালো। রোববার সকালে তাদের গোসল করানো হয়। কাটা হয় হাত-পায়ের লম্বা নখ। সাফিয়া আর আফিয়াকে রাখা হয়েছে হাসপাতালের মেডিসিন বিভাগের তৃতীয় তলার কেবিনে। আর তাদের বাবা নূর উদ্দিনকে চতুর্থ তলায় মেডিসিন বিভাগের ১ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। সাইকিয়াট্রিক বিভাগের প্রধান অধ্যাপক গোপাল শঙ্কর দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দীর্ঘ একাকি জীবনে তারা নিয়মিত খাওয়া-দাওয়াও করেননি। তিনজনই সিজোফ্রেনিয়ায় আক্রান্ত। দীর্ঘদিন ধরেই তারা এ সমস্যায় ভুগছেন। পুরো সুস্থ হতে সময় লাগবে।" রেসপিরেটরি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক এম দেলোয়ার হোসেন জানান, তিন জনকেই ডিম, দুধ ও ফলমুলসহ প্রোটিনসমৃদ্ধ খাবার দেওয়া হচ্ছে। রোববার দুপুরে হাসপাতালে গিয়ে দেখা যায় নূর উদ্দিন ও ছোট মেয়ে আফিয়া খানিকটা স্বাভাবিক। তবে সাফিয়া দুর্বল থাকায় কথা বলতে পারছিলেন না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে নূর উদ্দিন প্রথমে বলেন, "ভালো আছি।" তবে পরে আবার অসংলগ্ন কথা বলতে শুরু করেন। সিলেটের হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা ও নূর উদ্দিনের স্বজনরা শনিবার সাংবাদিকদের জানান, প্রায় ২৬-২৭ বছর লন্ডনে কাটিয়ে ১৯৯৮ সালে দেশে ফেরেন এই বৃদ্ধ। তখন থেকেই তার মধ্যে কিছুটা মানসকি সমস্যা লক্ষ্য করা যেতো। তবে তার স্ত্রী রুকিয়া বেগম ও মেয়েরা দেশেই ছিলেন। আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের বাসায় তাদের নিয়মিত যাতায়াতও ছিল। নূর উদ্দিনের ভাইপো আব্দুল ওদুদ লিটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার চাচীর মৃত্যুর পর পরিবারটি বদলে যায়। কথা বলা, যোগাযোগ- সব বন্ধ করে দেয়। লিটন জানান, সাফিয়া সিলেট সরকারি মহিলা কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণী পর্যন্ত পড়েছেন। আর আফিয়া পড়েছেন আম্বরখানা গার্লস স্কুলে দশম শ্রেণী পর্যন্ত। নূর উদ্দিন বিদেশে থাকতেই তাদের লেখাপড়া বন্ধ হয়ে যায়। হাউজিং এস্টেট এলাকায় একটি টেইলারিংয়ের দোকান ছিল তাদের। রুকিয়া ও দুই মেয়ে মিলে সেই ব্যাবসা দেখাশোনা করতেন। স্ত্রীর মৃত্যুর পর সেই ব্যবসাও গুটিয়ে ফেলেন নূর উদ্দিন। তাদের বহুবার চিকিৎসকের কাছে নেওয়ার চেষ্টা হলেও নূর উদ্দিনকে রাজি করানো যায়নি বলে লিটন জানান। শনিবার হাউজিং এস্টেটের ওই বাসায় গিয়ে দেখা যায়, একতলা পাকা বাড়িটির ভেতরে ছোট-বড় আটটি কক্ষ। এর মধ্যে মাত্র দুটি খোলা পাওয়া যায়। বাকি ছয়টিই তালাবন্ধ। যে দুটি কক্ষ খোলা- সেগুলোও কালি-ঝুলিতে ভরা; অপরিচ্ছন্ন। বাসায় বিদ্যুৎ, গ্যাস বা পানির সংযোগ নেই। ঘরের মেঝেতে কয়েকটি কুপি বাতি পড়ে থাকতে দেখা যায়। রান্না-বান্নার কোনো ব্যবস্থাও চোখে পড়েনি। এলাকাবাসী জানায়, নূর উদ্দিনের বাড়ির মূল ফটক ও ঘরের দরজায় সব সময় তালা থাকতো। বাইরে থেকে আত্মীয়-স্বজন কেউ এলে দরজার ওপাশ থেকেই কথা বলতেন নূর উদ্দিন। মাঝে মধ্যে খাবার নিয়ে আসতে দেখা যেতো স্বজনদের কাউকে কাউকে। দীর্ঘদিন এভাবে থাকার কারণে আফিয়া ও সাফিয়ার মাথার চুলে জটা ধরে গিয়েছিল। আঙুলের নখও হয়ে গিয়েছিল অস্বাভাবিক বড়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/জেকে/১৭৫৪ ঘ.