চট্টগ্রাম, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাহাড় ধসে নগরীর বাটালি হিলে মৃত্যুর ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
শনিবার দুপুর ও বিকালে দুইদফা চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শনে যান।
এ সময় স্থানীয় জনতার উদ্দেশে তিনি বলেন, একটি মহল প্রকৃত কারণ ধামাচাপা দিয়ে এ মর্মান্তিক এই ঘটনার জন্য দায়ীদের আড়াল করার চেষ্টা করছে।
"১৭ জনের প্রাণহানির মত মর্মান্তিক ও হৃদয় বিদারক ঘটনার তদন্তে বিচার বিভাগীয় কমিটি গঠনের আহ্বান জানাচ্ছি," বলেন তিনি।
শুক্রবার সকালে নগরীর বাটালি হিল এলাকায় পাহাড়ের মাটি ও প্রতিরোধ দেয়াল ধসে পাঁচ পরিবারের আট শিশুসহ মোট ১৭ জনের মৃত্যু হয়।
এ সময় মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু, সাংগঠনিক সম্পাদক বদিউল আলমসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
নগর আওয়ামী লীগের পক্ষ থেকে ওই এলাকার ১৫০ জন ক্ষতিগ্রস্তের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়।
সংলগ্ন এলাকায় পাহাড়ের আশপাশে ঝুঁকিতে বসবাসকারীদের জন্য একটি আশ্রয় কেন্দ্র ও ফ্রি চিকিৎসা কেন্দ্র খোলা হয়েছে নগর আওয়ামী লীগের উদ্যোগে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/ডিডি/২২৪০ ঘ.
bdnews24