ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌচাক-মগবাজার ফ্লাইওভার নির্মাণের জন্য সৌদি আরবের সঙ্গে ৩৭৩ কোটি টাকার ঋণ চুক্তি করেছে বাংলাদেশ।
শনিবার জেদ্দায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও সৌদি আরবের অর্থমন্ত্রী ইব্রাহিম বিন আবদেল আজিজ আল-আসাফ এই চুক্তিতে সই করেন বলে অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মৌচাক-মগবাজার ফ্লাইওভার নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ৮৪০ কোটি টাকা (সাড়ে ১১ কোটি ডলার)। 'সৌদি আরব উন্নয়ন তহিবল' এ ব্যয়ের একটি অংশ বাংলাদেশকে সরবরাহ করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই মন্ত্রী অর্থনীতি ও বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এতে বলা হয়, সৌদি আরবে বাংলাদেশি পণ্যের ওপর থেকে ৫ শতাংশ আমদানি শুল্ক প্রত্যাহারের জন্য সে দেশের অর্থমন্ত্রীকে অনুরোধ করেছেন মুহিত। সৌদি অর্থমন্ত্রী এ বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/২০৪২ ঘ.
bdnews24