ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্ধ একটি সিমের নম্বর দিয়ে তাড়াহুড়ো করে সংবাদ সম্মেলন থেকে বের হতে চাইলেন নতুন একটি সংগঠনের আহ্বায়ক, যারা বলছে- কনকো-ফিলিপসের সঙ্গে চুক্তির বিরোধিতাকারীরা দেশকে পিছিয়ে দিচ্ছে। মোবাইল নম্বরটি বন্ধ পাওয়ার কথা জানানো হলে তিনি বললেন, পরে তা চালু হবে।
শনিবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে 'বাংলাদেশ তেল-গ্যাস সম্পর্কিত প্রাকৃতিক সম্পদ ও বন্দর ব্যবস্থাপনার জাতীয় কমিটি', সংক্ষেপে এ কমিটির নাম 'তেল-গ্যাস ব্যবস্থাপনা জাতীয় কমিটি'।
সংবাদ সম্মেলনে সংগঠনের ১২ দফা তুলে ধরেন মোয়াজ্জেম হোসেন মাতুব্বর আমিনুল, তিনি নিজেকে কমিটির আহ্বায়ক হিসাবে পরিচয় দেন।
সম্মেলনে কমিটির ১১ সদস্যের নাম ঘোষণা করা হলেও তাদের তিন জনকেই দেখা গেছে। অচেনা এ আহ্বায়কের পরিচয় জানতে চাইলে তিনি বলেন, "আমি একজন সমাজকর্মী।"
দশককাল আগে বামপন্থী দলগুলোর সমর্থনে গঠিত তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি খনিজ সম্পদ ইস্যুতে আন্দোলন চালিয়ে আসছে। কনকো-ফিলিপসের সঙ্গে সরকারের চুক্তিতে দেশের স্বার্থ রক্ষা হয়নি দাবি করে এর প্রতিবাদে রোববার আধাবেলা হরতালও ডেকেছে সংগঠনটি।
ওই হরতালের আগের দিন নতুন গড়ে ওঠা 'তেল-গ্যাস ব্যবস্থাপনা জাতীয় কমিটি' আন্দোলনকারীদের এবং হরতালের সমালোচনা করেন।
চুক্তি এখন পর্যন্ত প্রকাশ না হলেও মোয়াজ্জেম বলেন, "কনকো ফিলিপসের সঙ্গে করা ওই চুক্তি আমি দেখেছি। দেশের স্বার্থেই এ চুক্তি করা হয়েছে। চুক্তি অনুযায়ী বাংলাদেশের হিস্যা কম থাকলেও কোনো সমস্যা নেই। কারণ না পাওয়ার চেয়ে কম পাওয়া ভালো।"
বিশেষজ্ঞ হিসেবে দেওয়ার মতো কোনো পরিচয় না থাকলেও তিনি বলেন, "অদূর ভবিষ্যতে সৌর বিদ্যুৎ, বায়ু বিদ্যুৎ, সমুদ্র তরঙ্গ অভিঘাত থেকে উৎপাদিত বিদ্যুতে দেশের মানুষের চাহিদা মেটানো গেলে তেল, গ্যাস আর কয়লা উত্তোলনের আর প্রয়োজন হবে না।"
তেল-গ্যাস রক্ষা কমিটির বিষয়ে মোয়াজ্জেম বলেন, "বিএনপির আমলে সঠিক নীতির ওপর প্রতিষ্ঠিত থাকার কারণে তেল-গ্যাস রক্ষা কমিটির সঙ্গে আওয়ামী লীগপন্থী অনেকে আন্দোলন করেছে। এখন ওই কমিটি আদর্শচ্যুত হওয়ায় তারা কমিটির সঙ্গ ত্যাগ করেছে।"
তবে কারা কারা তেল-গ্যাস রক্ষা কমিটির সঙ্গ ত্যাগ করেছে, তা জানাননি তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৯৪০ ঘ.
bdnews24