চাঁদপুর, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান সরকার ২২ হাজার বেসরকারি ও রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করবে বলে জানিয়েছন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন।
শনিবার দুপুরে চাঁদপুর ক্লাব প্রাঙ্গণে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শতভাগ ভর্তি নিশ্চিতকরণ ও ঝরে পড়া রোধকল্পে গৃহীত কার্যক্রম নিয়ে এই মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মোতাহার হোসেন আরো বলেন, "বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একযুগে দেশের ৪৭ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছিলেন। আর বাকি ৪০ বছরে জাতীয়করণ করা হয় মাত্র এক হাজার।"
শিক্ষার্থীদের বিনোদনের জন্য সরকার দেশের ১৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ে হারমোনিয়াম ও ১২ হাজার বিদ্যালয়ে পিয়ানো দেওয়ারও পরিকল্পনা গ্রহণ করেছে। ইতোমধ্যে সরকার ১০ হাজার প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ দিয়েছে, বলেন তিনি।
জেলা প্রশাসক প্রিয়তোষ সাহার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আকতার হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট আমির জাফর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৮০৩ ঘ.
bdnews24