২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড় ধসশেষ হলো উদ্ধারকাজ, মোট নিহত ১৭

চট্টগ্রাম নগরীর টাইগারপাস এলাকায় পাহাড় ধসে নিহত ১৭ জনের লাশ পাওয়ার পর উদ্ধার কার্যক্রম শেষ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2011, 04:41 AM

Updated : 24 Aug 2022, 03:28 PM

চট্টগ্রাম, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর টাইগারপাস এলাকায় পাহাড় ধসে নিহত ১৭ জনের লাশ পাওয়ার পর উদ্ধার কার্যক্রম শেষ করা হয়েছে। টানা বৃষ্টিতে শুক্রবার সাড়ে ৬টার দিকে পাহাড়ের ধসে পড়া মাটির ভারে রিটার্নিং দেয়াল ভেঙে পড়ে। এতে দেয়ালের পাশের ছয়টি ঘর চাপা পড়ে। আর কোনো লাশ পাওয়ার সম্ভাবনা না থাকায় শনিবার সকাল ৮টা ২০ মিনিটে উদ্ধার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়েছে বলে চট্টগ্রামের জেলা প্রশাসক ফয়েস আহমেদ জানিয়েছেন। শেষ লাশটি পাওয়া যায় সকাল ৮টার দিকে। নিহতের নাম রেজিয়া বেগম (৩৮)। প্রশাসনের পক্ষ থেকে এর আগে তার লাশ উদ্ধারের কথা জানানো হলেও এখন বলা হচ্ছে, আগের লাশটি ছিলো হোসনে আরা (২৯) নামে অন্য এক জনের। জেলা প্রশাসক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যারা চাপা পড়েছিলো, তাদের সবার লাশই পাওয়া গেছে বলে স্থানীয়রা জানিয়েছে। আর উদ্ধার কাঝে নিয়োজিতরাও আর লাশ পাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন। তাই উদ্ধার কাজ সমাপ্ত করা হয়েছে।" নিহত যারা রেহানা বেগম (৪০), তার মেয়ে ফাতেমা (৯), তানজিনা (২) ও শারমিন (২২), ছেলে মো. আজাদ (১০); মো. আমজাদ হোসেন (৩৮), তার স্ত্রী রাজিয়া বেগম (২৭) ও মেয়ে শারমিন (১০); শফিকুল্লাহ (৪০), তার স্ত্রী মিলু আক্তার (৩০), ছেলে মিরাজ (৫) ও মেয়ে সোনিয়া (৮); আরেক পরিবারের ভাইবোন সাজ্জাদ (৫) ও শাহিদা (৪); শাহীনুর (১৮) নামে এক বোবা কিশোরী ও তার মা রেজিয়া বেগম (৩৮) ও হোসনে আরা (২৯)। নিহতদের মধ্যে আটটি শিশু। দুটি পরিবারের সব সদস্যই মারা গেছে। এলাকাবাসীর অভিযোগ এলাকাবাসী বলছে, দুর্ঘটনাস্থলের জায়গার মালিক বাংলাদেশ রেলওয়ে হলেও বাটালি হিল রক্ষায় প্রতিরোধ দেওয়াল নির্মাণ করেছিল চট্টগ্রাম সিটি করপোরেশন। প্রায় এক বছর আগে নির্মাণ কাজ শুরু হলেও এখনো তা পুরোপুরি শেষ হয়নি। নির্মাণ কাজের অব্যবস্থাপনার কারণেই দেয়ালটি ধসে পড়েছে বলে মনে করেন স্থানীয় বাসিন্দারা। দুর্ঘটনাকবলিত এলাকার আশেপাশে কমপক্ষে ৩৫ পরিবার ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে বলেও তারা জানান। পাহাড়ের পাদদেশের বাসিন্দা মো. মুসলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সৌভাগ্যক্রমে আমরা দেওয়াল ধসের হাত থেকে বেঁেচ গেছি।" সিটি করপোরেশনের পক্ষ থেকে তাদের সরিয়ে দেওয়া হলেও রাতে থাকার জন্য পূর্ব টাইগার পাস সরকারি প্রাথমিক বিদ্যালয়টি খুলে না দেওয়ায় আবার তারা পাহাড়ের ঢালে নিজেদের বাসায় ফিরে আসে বলে দাবি করেন তিনি। "স্কুলে থাকার ব্যবস্থা হলে হয়তো এতো মানুষের মৃত্যু হতো না", আক্ষেপ মুসলিমের। তবে এ অভিযোগ অস্বীকার করে জেলা প্রশাসক ফয়েজ আহমদ বলেছেন, স্কুল খোলা থাকলেও সেখানে না থেকে লোকজন পাহাড়ে নিজেদের ঘরে চলে যায়। বৃহস্পতিবার রাতে তাদের পুলিশ, র‌্যাব, সিটি করপোরেশন জেলা প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনুরোধ করা হলেও তারা সেখান থেকে সরেনি। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দেয়াল ঘেঁষে গড়ে ওঠা ঘরগুলোর মালিক মো. আইয়ুব ও মোরশেদ নামে দুই ব্যক্তি। তবে বাটালি হিলের দেখভালের দায়িত্ব গণপূর্ত বিভাগের। মেয়র মনজুর আলম সাংবাদিকদের বলেন, কয়েকদিনের টানা বৃষ্টিতে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসতিতে ধসের আশঙ্কায় বৃহস্পতিবার বিকালে মাইকিং করে সতর্ক করা হয়েছিল। ৩০টি পরিবারকে সরিয়েও দেওয়া হয়েছিল। কিন্তু তারা আবার ঘরে ফিরে আসায় দুর্ঘটনার শিকার হতে হয়েছে। তদন্ত কমিটি পাহাড় ধসে প্রাণহানির ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এহসানে এলাহীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্তদল কাজ শুরু করেছে। আগামী পাঁচদিনের মধ্যে তাদের দুর্ঘটনার কারণ জানাতে হবে। কমিটিতে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল, চট্টগ্রাম মহানগর পুলিশ, চট্টগ্রাম সিটি করপোরেশন ও গণপূর্ত বিভাগের একজন করে সদস্য রাখা হয়েছে। কমিটির প্রধান এহসানে এলাহী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারণ অনুসন্ধানের জন্য পাঁচদিনের সময় দেওয়া হয়েছে। প্রয়োজনে তদন্ত কমিটিতে আরও সদস্য সম্পৃক্ত করা যাবে। এর আগে ২০০৭ সালের ১১ জুন চট্টগ্রামে পাহাড় ধসে ১২৮ জনের মৃত্যু হয়। ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটি একে 'মানবসৃষ্ট বিপর্যয়' হিসেবে চিহ্নিত করে এবং ওই গণমৃত্যুর জন্য পাহাড় দখলকারী প্রভাবশালী ভূমিদস্যুদের এবং পাহাড়ে নিু আয়ের মানুষের ঝুঁকিপূর্ণ বসবাসকে দায়ী করে। পরের বছর লালখান বাজারের মতিঝর্ণায় মাটি চাপা পড়ে মারা যান ১১ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এমআই/১০৩০ ঘ.

এ সম্পর্কিত আরো খবর