২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক ছাত্রলীগ নেতাসহ দুজন খুন তেজগাঁওয়ে

রাজধানীর তেজগাঁওয়ে দুই ব্যক্তি খুন হয়েছেন। এদের একজন সরকার সমর্থক ছাত্রলীগের সাবেক নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2011, 04:10 AM

Updated : 24 Aug 2022, 03:28 PM

ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর তেজগাঁওয়ে দুই ব্যক্তি খুন হয়েছেন। এদের একজন সরকার সমর্থক ছাত্রলীগের সাবেক নেতা। শনিবার ভোররাতে সাত রাস্তার সেটেলমেন্ট কার্যালয়ের পাশের পিকআপ ভ্যান স্ট্যান্ডে দুটি ভ্যানের মাঝখানে লাশ দুটি পাওয়া যায় বলে শিল্পাঞ্চল থানার ওসি ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। নিহতরা হলেন- মিজানুর রহমান (৩০) ও আলী আকবর (৪৫)। মিজান তেজগাঁও থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। পরে তিনি কারওয়ান বাজারে সবজির পাইকারি ব্যবসা শুরু করেন। আকবর শাড়িতে কারচুপির কাজ করেন। পুলিশ লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। সেখানে মিজান ও আকবরের স্বজনরা লাশ সনাক্ত করে। তাজুল জানান, তার ভাই গত ২৯ জুন বাড়ি থেকে বেরিয়ে যান। তারপর থেকে নিখোঁজ ছিলেন। এ জন্য থানায় একটি জিডিও করেন তারা। কারওয়ান বাজারে মিজানের ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম টিএম ইন্টারন্যাশনাল। তার বাসাও কারওয়ান বাজারে। মিজানের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নয়নপুরে। মিজান পাঁচ মাস আগে বিয়ে করেন বলে তার ভাই জানান। আকবরের স্ত্রী নাসরিন বেগম বলেন, গত বুধবার সকালে বাজার করার কথা বলে মিরপুরের হরিরামপুর বাসা থেকে বের হয়ে আর ফেরেননি তার স্বামী। মর্গে এলেন কোন সূত্রে খবর পেয়ে- জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, "তার (আলী আকবরের) ফোন নাম্বারে আমি প্রতিদিন ফোন করতাম। কিন্তু ফোনটি বন্ধ থাকতো। আজ (শনিবার ) এক জন মহিলা ধরে বলে, আমি ফোনটি রাস্তায় পেয়েছি। আপনি ঢামেক মর্গে গিয়ে দেখেন ওই খানে আপনার স্বামীর লাশ আছে কি না।" আকবরের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। ওসি ফারুক বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে রাত ৩টার দিকে লাশ দুটি উদ্ধার করা হয়। দুজনের গলায় দাগ থাকায় পুলিশ ধারণা করছে, তাদের শ্বাসরোধে হত্যা করা হয়েছে। মিজানের কপালেও আঘাতের চিহ্ন রয়েছে। ওসি বলেন, সম্ভবত অন্য কোথাও হত্যার পর লাশ দুটি ভ্যান স্ট্যান্ডে ফেলে যায় দুর্বৃত্তরা। হত্যার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১৬৩০ ঘ.