নারায়ণগঞ্জ,জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের ফতুল্লায় বাড়ি থেকে ধরে নিয়ে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এর জের ধরে ১৬টি ঘর জ্বালিয়ে দেয় এলাকার লোকজন।
বৃহস্পতিবার রাতে পিলকুনী এলাকায় খুন হন মো. নাহিদ। এ হত্যাকা-ে জড়িত সন্দেহে পুলিশ সাগর নামে একজনকে গ্রেপ্তার করেছে।
এলাকার লোকজন জানায়, বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে স্থানীয় কয়েকজন চিহ্নিত 'সন্ত্রাসী' বাসা থেকে নাহিদকে ধরে নিয়ে যায়। পরে লোহার রড ও লাঠি দিয়ে মারধর করে এবং পানিতে চুবিয়ে হত্যা করে তারা।
এর জের ধরে রাত সাড়ে ১২টার দিকে এলাকার লোকজন পিলকুনী এলাকায় খেলাফত হোসেন রাজু ও তার ভাই খোরশেদের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। তবে বাড়ির লোকজন ঘর থেকে বেরিয়ে যেতে সমর্থ হয়। আগুনে মালামালসহ ১৬টি টিনশেড ও বেড়ার ঘর পুড়ে গেছে।
পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে শুক্রবার বিকাল ৩টায় নাহিদের লাশ পিলকুনীতে তাদের বাড়ি নেওয়া হয়। সাড়ে ৫টায় আসরের নামাজের পর ফতুল্লা পাইলট স্কুল মাঠে নামাজের জানাজা শেষে লাশ দাপা ইদ্রাপকুর কবরস্থানে দাফন করা হয়।
এ ঘটনায় কোনো মামলা হয়নি বলে পুলিশ জানিয়েছে।
ফতুল্লা থানা আওয়ামী লীগ সভাপতি সাইফুল্লাহ বাদল নিহত নাহিদকে ছাত্রলীগকর্মী দাবি করে বলেন, "সন্ত্রাসীরা নাহিদকে অস্ত্রের মুখে বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়ার সময় আমি নিজে থানার ওসিকে বারবার ফোন করে বলেছি, পুলিশ পাঠানোর জন্য। কিন্তু পুলিশ পাঠানো হয়নি।
"পুলিশের নিষ্ক্রিয়তার কারণে নাহিদের খুন হয়েছে," বলেন তিনি।
নাহিদের বন্ধু মামুন বলেন, সন্ত্রাসী খেলাফত হোসেন রাজু, আবুল, রনি এসে বাড়ি থেকে নাহিদকে তুলে নিয়ে যায়। তাকে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে ও পানিতে চুবিয়ে হত্যা করে।
অভিযোগ অস্বীকার করে ফতুল্লা মডেল থানার ওসি আইনুল হক জানান, আমাকে বিষয়টি কেউ জানায়নি। সঙ্গে সঙ্গে খবর পেলে নাহিদকে অবশ্যই রক্ষা করা যেতো।
তিনি বলেন, "মসজিদ থেকে এশার নামাজ পড়ে বের হয়ে বাড়ি যাওয়ার সময় খেলাফতের সঙ্গে তার ধাক্কা লাগে। এতে ক্ষিপ্ত হয়ে খেলাফত বাহিনী এই ঘটনা ঘটিয়েছে।"
তবে এর পেছনে অন্য কোনো ঘটনা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
ওসি বলেন, নাহিদের পরিবারের পক্ষ মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৪৬ ঘ.
bdnews24