২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মনমোহনের সঙ্গে একমত নন ভারতের সাবেক কূটনীতিকরাও

অন্তত ২৫ শতাংশ বাংলাদেশি প্রচণ্ডভাবে ভারতবিরোধী- মনমোহন সিংয়ের এমন মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া হয়েছে ভারতের কূটনৈতিক মহলেও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2011, 05:30 PM

Updated : 24 Aug 2022, 03:27 PM

ঢাকা, জুলই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অন্তত ২৫ শতাংশ বাংলাদেশি প্রচণ্ডভাবে ভারতবিরোধী- মনমোহন সিংয়ের এমন মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া হয়েছে ভারতের কূটনৈতিক মহলেও। ভারতের প্রভাবশালী ইংরেজি দৈনিক হিন্দুর অনলাইন সংস্করণে 'প্রাইম মিনিস্টারস কমেন্ট অন বাংলাদেশ রেইজেস আইব্রোস' শিরোনামে এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সাবেক কূটনীতিবিদদের অনেকেই ভারতীয় প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের সঙ্গে একমত নন। বুধবার নয়া দিল্লিতে ভারতের পাঁচটি সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মনমোহন বলেন, "বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো। তবে আমাদের মনে রাখতে হবে যে, অন্তত ২৫ শতাংশ বাংলাদেশি জামায়াতে ইসলামীর সমর্থক এবং তারা তীব্র ভারতবিরোধী। অনেক সময় তারা আইএসআইর (পাকিস্তানি গোয়েন্দা সংস্থা) পরামর্শে কাজ করে।" বাংলাদেশে ভারতের সাবেক হাই কমিশনার বীণা সিক্রি মনে করেন, কোনো দেশের মানুষকেই 'এভাবে' চিহ্নিত করা যায় না। হিন্দুকে তিনি বলেন, "বাংলাদেশের এক তৃতীয়াংশ ভোটার বিএনপি এবং আরো এক তৃতীয়াংশ ভোটার আওয়ামী লীগকে ভোট দেয়। বাকি যে ৩৩ শতাংশ থাকে, তারা মূলত স্বাধীনভাবে চিন্তা করে ভোটের আগে সিদ্ধান্ত নেন। কাজেই কোনোভাবেই আপনি বলতে পারেন না যে বাংলাদেশের ২৫ শতাংশ মানুষ ভারতবিরোধী।" ওই পরিসংখ্যান মনমোহন কোথায় পেলেন- তা নিয়েও বিষ্ময় প্রকাশ করেছেন বীণা সিক্রি। তিনি বলেন, "একটি শাসনামল বা একটি সংগঠনকে হয়তো এভাবে (ভারতবিরোধী) চিহ্নিত করা চলে, কিন্তু একটি দেশের জনগণকে কোনোভাবেই নয়।" মনমোহন ওই মতবিনিময় সভায় এও বলেন, "যে কোনো সময় বাংলাদেশে একটি রাজনৈতিক পরিবর্তন হতে পারে। এসব সন্ত্রাসী গোষ্ঠী কারা তা আমাদের জানা নেই। তাদের ওপর কাদের নিয়ন্ত্রণ আছে, তাও আমারা জানি না।" সম্পাদকদের সঙ্গে মনমোহনের প্রশ্নোত্তর সম্বলিত ওই আলোচনার পুরো অনুলিপি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রকাশ করা হয়। হিন্দুর প্রতিবেদক সন্দ্বীপ দীক্ষিত লিখেছেন, মনমোহন সিং এমনিতে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে খুবই সতর্ক। তাছাড়া অধিকাংশ সময় বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক কথাই বলে এসেছেন তিনি। ফলে বুধবার সম্পাদকদের সঙ্গে আলোচনায় তার ওই বক্তব্যের কারণে ভারতের সাবেক কূটনীতিকদের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির 'একজন ঘনিষ্ঠ পর্যবেক্ষকের' উদ্ধৃতি দিয়ে (নাম উল্লেখ না করে) হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, "বাংলাদেশের ২৫ শতাংশ লোকই জামায়াতে ইসলামীর সমর্থক- এ বক্তব্যের সঙ্গে আমি একমত নই। গত নির্বাচনের ফলের দিকে তাকালেও ওই পরিসংখ্যানের পক্ষে সমর্থন পাওয়া যায় না, যদিও তারা (জামায়াতে ইসলামী) খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপির সঙ্গে নির্বাচনে অংশ নিয়েছিল।" নিজের অভিজ্ঞতা থেকে বীণা সিক্রি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটকে ব্যাখ্যা করছেন এভাবে- "বিএনপি বলে আসছে, ভারতকে দিয়ে বাংলাদেশের স্বার্থ রক্ষা হয় না। অন্যদিকে (ক্ষমতাসীন) আওয়ামী লীগ সভানেত্রী বাংলাদেশ-ভারত বন্ধুত্বের বিষয়টিকে সামনে নিয়ে আসতে চান, কারণ তিনি মনে করেন, এই বন্ধুত্ব বাংলাদেশের জন্যই মঙ্গলজনক।" বাংলাদেশে আইএসআইয়ের প্রভাব নিয়ে মনমোহনের বক্তব্যের প্রতিক্রিয়ায় এই সাবেক এই হাই কমিশনার হিন্দুকে বলেন, "সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে তারা (সেনাবাহিনী) দেখেছে, জনগণ আসলে নির্বাচন চায়। শেষ পর্যন্ত তারা ভালোভাবেই কাজটা শেষ করেছে। হ্যাঁ, আইএসআই বাংলাদেশে তাদের প্রভাব বলয় দেশ-বিভাজনের আগের অবস্থায় ফিরিয়ে নিতে নানাভাবে চেষ্টা করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের মানুষ আসলে কি চায়। তারা চায় আরেকটু ভালোভাবে বাঁচতে। আর তাদের একটি বড় অংশ মনে করে, ভারতের সঙ্গে ভালো বন্ধুত্ব তাদের সেই লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/২৩৪৫ ঘ.