২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা-বাগেরহাট সড়কে ৬ঘণ্টা অবরোধ

এক ইউপি চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে খুলনা-বাগেরহাট সড়কে প্রায় ছয়ঘণ্টা অবরোধ করেছে এলাকাবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2011, 04:18 PM

Updated : 24 Aug 2022, 03:27 PM

বাগেরহাট, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক ইউপি চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে খুলনা-বাগেরহাট সড়কে প্রায় ছয়ঘণ্টা অবরোধ করেছে এলাকাবাসী। শুক্রবার বিকাল ৩টা থেকে রাত পৌনে ৬টা পর্যন্ত এ অবরোধ চলে খুলনা-বাগেরহাট সড়কে বাগেরহাট সদর উপজেলার গণবিদ্যালয় থেকে শ্রীঘাট বাসস্ট্যান্ড পর্যন্ত এলাকায়। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী বাগেরহাট পৌরসভায় পানি সরবরাহের পাইপ বিচ্ছিন্ন করে দেয়। পরে প্রশাসনের পক্ষ থেকে দোষীদের গ্রেপ্তারের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেয় এলাকাবাসী। সকালে সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চু দুর্বৃত্তের হামলায় আহত হন। তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাগেরহাট মডেল থানার ওসি মো. মোয়াজ্জেম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত পুলিশ সুপারিনটেনডেন্ট শাফিন আহমেদ, তিনি নিজে (ওসি) এবং এলাকাবাসীর পক্ষে অ্যাডভোকেট ইলিয়াস হোসেন এক বৈঠকে বসেন। ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদে এ বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে শিগগিরই দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন। তিনি জানান, বিকাল ৩টা থেকে কয়েকশ' নারী পুরুষ প্রায় তিন কিলো মিটার এলাকায় বৈদ্যুতিক খুঁটি ফেলে অবরোধ করে। অবরোধ তুলে নিলে রাত পৌনে ৯টার দিকে যানবাহন চলাচল স্বভাবিক হয়। ইউএনও মো. শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই এলাকায় নলকূপ বসিয়ে সেখান থেকে পৌরসভায় পানি সরবরাহ করা হয়। এন ঘটনার পর এলাকাবাসী বারাকপুর বাজারের কাছে একটি সরবরাহ পাইপ কেটে দিলে পৌর এলাকায় পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। চিকিৎসাধীন আক্তারুজ্জামান বাচ্চু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১০টার দিকে তিনি শহরের নূর মসজিদ এলাকায় বাড়ি থেকে বের হয়ে হেঁটে পাশের সেলুনে যাচ্ছিলেন। এ সময় নূর মসজিদ মোড়ে দুই যুবক তাকে কিল ঘুষি মারতে থাকে। এক পর্যায়ে তিনি রাস্তায় পড়ে গেলে তারা তাকে লাথি মারতে মারতে বলতে থাকে, "তোর এত বড় সাহস মেয়রের বিরুদ্ধে কথা বলিস!" আক্তারুজ্জামান আরো বলেন, এ বছরের ২৯ মে ষাটগম্বুজ মসজিদের সামনে একটি রাস্তার কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় ঠিকাদার খান আবু বক্করকে এলাকাবাসী মারধর করে। আবু বক্কর বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভা মেয়র খান হাবিবুর রহমানের ভাতিজা। এরপর থেকে সন্ত্রাসীরা তাকে খুঁজতে থাকায় বেশ কিছুদিন তিনি এলাছাড়া ছিলেন। সম্প্রতি আবার ফিরে আসেন। এ ঘটনার জেরে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয় বলে তিনি দাবি করেন। হামলার সময় মেয়রের কথা উচ্চারণ করার ব্যাপারে বাগেরহাট পৌর মেয়র খান হাবিবুর রহমান বলেন, "আমি কেন তাকে মারতে লোক পাঠাবো। আক্তারুজ্জামান বাচ্চু সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক। আমি চাই ঘটনার বিচার হোক।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১০ ঘ.