২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু

রাজধানীর পল্লবী, গুলশান ও খিলক্ষেতে সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ তিন জনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2011, 10:47 AM

Updated : 24 Aug 2022, 03:28 PM

ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পল্লবী, গুলশান ও খিলক্ষেতে সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ তিন জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে শুক্রবার সকাল ৯টার দিকে মিরপুর-১১ নম্বরের লালমাটিয়া বাসস্ট্যান্ডে হিউম্যান হলারে পিকআপ ভ্যানের ধাক্কায় লিমন (৯) নামে এক শিশু মারাত্মক আহত হয়। ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লিমন হিউম্যান হলারটির সহকারী ছিলো বলে পুলিশ জানিয়েছে। তার বাবার নাম মো. চাঁন মিয়া। সে মিরপুর ১১ নম্বর সবুজ বাংলা বড় গেট এলাকায় থাকতো। এর আগে শুক্রবার ভোরে খিলক্ষেত এলাকার রাস্তা ওপর থেকে অজ্ঞাতপরিচয় (৩৮) এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন বলেন, রাতের যেকোনো সময় সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। লোকটির পরনে ছিলো কালো গেঞ্জি ও প্যান্ট। এদিকে, গুলশানের চেয়ারম্যান বাড়ি এলাকায় বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে রাস্তা পার হওয়ার সময় কিরোয়ান (২০) নামে এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়। মো. হারুন নামে তার এক সহকর্মী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের জানান, কিরোয়ান ওই এলাকার ইউনিয়ন গার্মেন্টের একজন নিরাপত্তাকর্মী ছিলেন। নিহতের গ্রামের বাড়ি বান্দরবনের আলীকদমে। ঢামেক ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লাশ দুটি মর্গে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/১৬৪৪ ঘ.