চট্টগ্রাম. জুন ৩০(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর লালদীঘি মাঠে শুক্রবার ইসলামী আন্দোলনকে সমাবেশ করার অনুমতি দেয়নি পুলিশ।
একই স্থানে একই সময় আওয়ামী ওলামা লীগ সমাবেশ ডাকায় লালদীঘি মাঠে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে চট্টগ্রাম নগর পুলিশ (সিএমপি)।
সংবিধানে 'আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস' কথাটি না রাখার প্রতিবাদে শুক্রবার বিকালে লালদীঘি মাঠে বিভাগীয় সমাবেশের ডাক দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই স্থানে আওয়ামী ওলামা লীগ যুদ্ধাপরাধ বিচারের দাবিতে জনসভার ঘোষণা দেয়।
এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করায় সেখানে সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয় বলে নগর পুলিশের সহকারী কমিশনার (গোয়েন্দা) আব্দুল্লাহ আল মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি বলেন, একই স্থানে দুই পক্ষের সমাবেশ থাকায় সংঘর্ষের আশঙ্কায় কাউকেই মাঠ ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি। তাদেরকে আইন মেনে চলতে অনুরোধ করা হয়েছে।
এদিকে লালদীঘি মাঠে সমাবেশ করতে না পারলেও আন্দরকিল্লা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক জান্নাতুল ইসলাম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আন্দরল্লিা চত্বরে শুক্রবার বিকাল তিনটায় সমাবেশ হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/এইচএ/২৩৩০ ঘ.
bdnews24