ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কদমতলী ও পল্লবী এলাকায় পানিতে ডুবে দুই ছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এ ঘটনা দুটি ঘটে।
কদমতলীর পূর্ব ধোলাইপাড় ঢাকা ম্যাচ ফ্যাক্টরি এলাকায় আবদুর রাজ্জাক (১২) নামে এক মাদ্রাসা ছাত্র ডোবার পানিতে পড়ে গেলে সেন্টু নামে এক প্রতিবেশী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক রাজ্জাককে মৃত ঘোষণা করেন।
রাজ্জাক স্থানীয় মুরাদপুর ইসলামীয়া মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীতে পড়তো।
প্রায় একই সময় পল্লবী থানার জাতীয় উদ্ভিদ উদ্যানের একটি ডোবায় গোসল করতে গিয়ে অপু ইসলাম (১৬) নামে অপর জনের মৃত্যু হয়।
অপুর ভাই আনিসুর রহমান সাংবাদিকদের বলেন, অপু মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের দশম শ্রেণীর ছাত্র ছিলো।
ঢামেক ফাঁড়ির উপপরিদশক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহতদের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দিয়ে দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএম/এএল/১৮৩৫ ঘ.
bdnews24