বাগেরহাট, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বাগেরহাটে ছিনতাইকারীর ছুরির আঘাতে শাহীন শেখ (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে ৪ জন।
বুধবার রাত ১১টার দিকে সদর উপজেলার বড় পাইকপাড়া গ্রামে কামাল শেখের বাড়িতে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ সোহেল (২২) ও আল আমিন ওরফে তুহিন (২৬) নামের দুই ছিনতাইকারীকে আটক করেছে।
রাখালগাছি ইউপি চেয়ারম্যান কাজী আবু আছনু শামীম জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে শ্রীঘাট বেইলী সেতুর কাছে দু'টি মোটর সাইকেলে এসে ছয় ছিনতাইকারী জাকির নামে এক ব্যক্তির মটর সাইকেল ছিনতাই করে।
তারা ছিনতাইকৃত মোটর সাইকেলসহ তিনটি মটর সাইকেল নিয়ে খুলনার দিকে রওনা হয়। এ সময় জাকির মুঠোফোনে পাইকপাড়ায় তার পরিচিতদের ছিনতাইয়ের খবর দিলে গ্রামবাসী রাস্তায় বেরিকেড দেয়।
একটি মটর সাইকেলসহ দুই ছিনতাইকারী বেরিকেড ভেঙ্গে পালাতে পারলেও অপর চার ছিনতাইকারী দুটি মটর সাইকেল ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করে।
তিনি জানান, একপর্যায়ে চার ছিনতাইকারী গ্রামের ভেতরে দিয়ে দৌড়ে পালায়। গ্রামবাসীরাও তাদের সন্ধানে তল্লাশি করতে থাকে।
এসময় সোহেল কামাল শেখের বাড়িতে ঢুকে আত্মগোপনের চেষ্টা করে। কিন্তু কামালের ছেলে শাহীন বাধা দিলে সোহেল ছুরি দিয়ে শাহীনের বুকে আঘাত করে। এতে শাহীন ঘটনাস্থলেই মারা যায়।
শাহীনকে বাঁচাতে গিয়ে আহত হয় তার দুই ভাই সোহাগ শেখ (১৯) ও সোহেল শেখ (১৫)।
আহতদের বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এক পর্যায়ে সোহেল ও আল আমিন নামের দুই ছিনতাইকারীকে আটক করে গণপিটুনী দেয় জনতা। অপর দুই ছিনতাইকারী পালিয়ে যায়।
খবর পেয়ে পার্শ্ববর্তী চুলকাঠি পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ এসে ছিনতাইকারীদের গণপিটুনী থেকে উদ্ধারের চেষ্টা চালায়।
এ সময় পুলিশের লাঠির আঘাতে জাকির হোসেন (৩৮) নামের এক গ্রামবাসী আহত হয়।
তখন এলাকাবাসী ছিনতাইকারীদের সহযোগিতার অভিযোগ তুলে কামাল হোসেন নামের এক পুলিশ কনস্টেবলকে গণপিটুনী দেয়।
এদের দু'জনকেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে বাগেরহাট মডেল থানার ওসি মো. মোয়াজ্জেম হোসেন জানিয়েছেন ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/১৭১৬ ঘ.
bdnews24