ব্রাহ্মণবাড়িয়া, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কাচারি পাড়ার দেওয়ানের দীঘি থেকে এক মহিলার লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে গেদুন্নেছা বেগম (৬০) নামের ওই মহিলার লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
তিনি সরাইল উপজেলার সদর ইউনিয়নের কাচারি পাড়ার মৃত রিপু মিয়ার স্ত্রী।
তার ছেলে ফারুক মিয়া সাংবাদিকদের জানান, গত ৪ বছর ধরে তার মা মানসিকভাবে ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। তিনি বুধবার গভীর রাতে ঘর থেকে বের হয়ে যান। তখন পরিবারের সবাই ঘুমন্ত অবস্থায় ছিল।
সকালে তাকে ঘরে না দেখে পরিবারের সদস্যরা খুঁজতে থাকে। এক পর্যায়ে সকাল ৯টার দিকে দেওয়ান দীঘিতে লাশ ভাসতে দেখে এলাকার লোকজন পরিবারের সদস্যদের খবর দেয়।
পরে পরিবারের সদস্যরা লাশ উদ্ধার করে।
সরাইল থানার ওসি মো. জহিরুল ইসলাম খান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৬৫১ ঘ.
bdnews24