২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হিযবুত তাহরীরের ২ সদস্য গ্রেপ্তার

নগরীর কোতোয়ালী থানার মেহেদীবাগ এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ হিযবুত তাহরীরের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2011, 03:01 PM

Updated : 24 Aug 2022, 03:27 PM

চট্টগ্রাম, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর কোতোয়ালী থানার মেহেদীবাগ এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ হিযবুত তাহরীরের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। অভিযানে নয়টি মোবাইল ফোন সেট, সংগঠনটির চারশ প্রচারপত্র, দুশ ৭৪টি ধর্মীয় উস্কানিমূলক বই ও সাংসদদের নামের তালিকা উদ্ধার করা হয়। মঙ্গলবার এবং বুধবার বিভিন্ন সময় অভিযান চালিয়ে দুই হিযবুত সদস্য মো. ফয়সাল রহমান লিমন (২৭) এবং আলী হায়দার চৌধুরী জুয়েলকে (২৫) গ্রেপ্তার করে র‌্যাব। র‌্যাব-৭ এর সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর মালিক বুধবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত আটটায় নগরীর মেহেদীবাগ গোলপাহাড় এলাকায় মেট্রো ভবনে অভিযান চালিয়ে ফয়সালকে গ্রেপ্তার করা হয়। "তার দেওয়া তথ্যমতে বুধবার সকালে একই ভবন থেকে আলী হায়দারকে গ্রেপ্তার করা হয়।" তিনি জানান, আলী হায়দারের দেয়া তথ্যের ভিত্তিতে নগরীর পাঁচলাইশ থানাধীন রহমান নগর এলাকার মীর সাদেকের মালিকানাধীন দারুস সালাম ভবনের পঞ্চমতলার ৫০১ নম্বর রুমে অভিযান চালিয়ে নয়টি মোবাইল সেটসহ উস্কানিমূলক বই ও প্রচারপত্র উদ্ধার করা হয়। এছাড়া বিভিন্ন সংসদ সদস্য ও বিভিন্ন নেতার নামের চারটি তালিকা পাওয়া গেছে বলে জানান র‌্যাব কর্মকর্তা। ফয়সালের নামে নগরীর খুলশী থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা রয়েছে বলেও জানান জাহাঙ্গীর মালিক। গ্রেপ্তার ফয়সাল চট্টগ্রামের সাতকানিয়া থানার এওচিয়া দেওদীঘি এলাকার আহম্মেদ সোবহানের ছেলে। অন্য গ্রেপ্তারকৃত জুয়েলের বাবার নাম আব্দুর রহমান। গ্রেপ্তারদের নগরীর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/পিডি/২০৫৬ ঘ.