ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভূমি দস্যুদের তৎপরতা ঠেকাতে সরকার কঠোর আইন করছে জানিয়ে পরিবেশ প্রতিমন্ত্রী বলেছেন, আইন বাস্তবায়নে সর্বস্তরের মানুষকেই এগিয়ে আসতে হবে।
পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বুধবার এক অনুষ্ঠানে এ কথা বলেন।
"ভূমি দস্যুরা নিজেদের সুবিধা আদায়ে জলাশয় ভরাট করে ফেলছে।"
জাতীয় প্রেসক্লাবে 'উপকূলীয় ও জলাভূমি জীববৈচিত্র্য ব্যবস্থাপনা প্রকল্পে'র সমাপনী কর্মশালায় বক্তব্য দিচ্ছিলেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ভূমি দস্যু যেই হোক, ব্যক্তিগত লাভের জন্য তাদের কোনো সুযোগ দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
কর্মশালায় পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব মেজবাউল আলম, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মনওয়ার ইসলাম, পরিবেশবিদ আইনুন নিশাত ও ইউএনডিপির প্রতিনিধি আমিনুল ইসলাম বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/১৮৪৬ ঘ.
bdnews24