২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সরকার যুক্তিতে না পেরে নির্যাতন করছে'

সরকার যুক্তিতে না পেরে কনকো ফিলিপসের সঙ্গে চুক্তির বিরোধিতাকারীদের দমন-পীড়নের পথ বেছে নিয়েছে বলে অভিযোগ করেছে তেল-গ্যাস খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2011, 02:26 PM

Updated : 24 Aug 2022, 03:26 PM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার যুক্তিতে না পেরে কনকো ফিলিপসের সঙ্গে চুক্তির বিরোধিতাকারীদের দমন-পীড়নের পথ বেছে নিয়েছে বলে অভিযোগ করেছে তেল-গ্যাস খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। মঙ্গলবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে তেল-গ্যাস কমিটির নেতারা বলেন, অতীতেও জনগণের আন্দোলন দমন করতে শাসকরা নির্যাতনের পথ বেছে নিয়েছিল। কিন্তু তারা ক্ষমতায় থাকতে পারেনি। দমন-পীড়ন করে জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনকে থামানো যাবে না। ৩ জুলাই ডাকা হরতালের সমর্থনে সোমবার বিভিন্ন স্থানে মিছিলে বাধা, লাঠিপেটা করা, আটক ও প্রচারপত্র-ফেস্টুন কেড়ে নেওয়ার প্রতিবাদে এই সমাবেশ করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে তেল-গ্যাস কমিটি। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় কমিটির প্রচারপত্র বোমা বা ডিনামাইট নয়, এটি যুক্তি ও ইতিহাসের দলিল। প্রচারপত্র ছিনিয়ে নিলে বা বাধা দিলে জনগণ তা প্রতিহত করবে। 'পুলিশ আর ছাত্রলীগ নামধারীরা' সোমবার মোহাম্মদপুরে মিছিলে বাধা দেয় এবং ঢাকা কলেজ, সিটি কলেজ, খিলগাঁও-এ প্রচারপত্র কেড়ে নেয় বলে এতে উল্লেখ করা হয়েছে। বঙ্গোপসাগরের ১০ ও ১১ নম্বর ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য গত ১৬ জুন যুক্তরাষ্ট্রের কোম্পানি কনকো-ফিলিপসের সঙ্গে চুক্তি করে সরকার। এর প্রতিবাদে আগামী ৩ জুলাই ঢাকায় অধা বেলা হরতালের ডাক দিয়েছে তেল-গ্যাস কমিটি। হরতালের সমর্থনে ২০ জুন থেকে সারা দেশে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে সংগঠনটি। মঙ্গলবারের সমাবেশ থেকে ৩ জুলাই শান্তিপূর্ণভাবে হরতাল পালনের আহ্বান জানানো হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পল্টন মোড়ে এসে শেষ হয়। কমিটির আহ্বায়ক প্রকৌশলী মুহাম্মদ শহীদুল্লাহ, গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স, প্রকৌশলী ইনামুল হক, ওয়ার্কার্স পার্টির রাগিব হাসান মুন্না সমাবেশে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/জেকে/২০২২ ঘ.