চট্টগ্রাম, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন সিআরবি রেলওয়ে হাসপতাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৫টি অবৈধ ঘর উচ্ছেদ করেছে রেলওয়ে পূর্বাঞ্চল কর্তৃপক্ষ।
সোমবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন রেলওয়ে চট্টগ্রামের বিভাগীয় ভূ- সম্পত্তি কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট রশিদ আহমেদ।
অভিযানে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাশাপাশি চট্টগ্রাম মহানগর পুলিশ সহযোগিতা করে।
রেলওয়ে পূর্বাঞ্চলের সহকারী ভূ-সম্পদ কর্মকর্তা মো. আব্দুল বারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রেলওয়ে হাসপতালের সীমানা প্রাচীর ঘেঁষে গড়ে ওঠা ৪৫টি বস্তিঘর উচ্ছেদ করা হয়েছে।
সীমানা প্রাচীরের পাশে পাহাড়ে গর্ত করে নির্মিত বস্তিগুলোতে নিরাপত্তা ঝুঁকি থাকার কারণে উচ্ছেদ করা হয়েছে।
এধরণের অভিযান নিয়মিত চলবে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/কেএমএস/২৩০৫ ঘ.
bdnews24