২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনোত্তর সংঘর্ষে আহত ৫০

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনোত্তর সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে। অন্তত ২০টি বাড়ি-ঘরে অগ্নিসংযোগ করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2011, 04:23 PM

Updated : 24 Aug 2022, 03:25 PM

ব্রাহ্মণবাড়িয়া, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনোত্তর সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে। অন্তত ২০টি বাড়ি-ঘরে অগ্নিসংযোগ করা হয়। সোমবার শহরতলীর নাটাই ইউনিয়নের বিরাসার গ্রামে এ সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। দমকল বাহিনীর সদস্যরা প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এলাকায় দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষে গুরুতর আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম ও পরিচয় জানা যায়নি। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপ-পরিদর্শক হারুনূর রশিদ জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নাটাই ইউনিয়নের বিরাসার গ্রামের ইয়াছিন ও কাশেম মাস্টারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার (২৫ জুন) নাটাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিরাসার গ্রামের মো. বাদল মিয়া সদস্য নির্বাচিত হন। পরাজিত হন রজব আলী। এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা বলেন, নির্বাচনে রজব আলীকে ভোট না দেওয়া নিয়ে সোমবার ইয়াছিন ও কাশেম মাস্টারের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। সন্ধ্যা ৭টার দিকে কয়েকশ' গ্রামবাসী দু'দলের পক্ষে দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ২০টি বাড়ি ঘরে অগ্নিসংযোগ করা হয়। সংঘর্ষ থামাতে পুলিশ শতাধিক টিয়ার গ্যাস সেল এবং শটগানের গুলি ছোঁড়ে বলেও পুলিশ কর্মকর্তা জানান। ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার সহকারী পুলিশ সুপার শহীদ আবু সারোয়ার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করায় ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার দমকল বাহিনীর স্টাফ অফিসার মো. সালাউদ্দিন জানান, খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা গিয়ে প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১৪ ঘ.