২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে ডাকাতি, ৩শ' ভরি স্বর্ণালঙ্কার লুট

রাজবাড়ীর গোয়ালন্দ সদরে এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2011, 12:15 PM

Updated : 24 Aug 2022, 03:26 PM

রাজবাড়ী, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ীর গোয়ালন্দ সদরে এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতরা ব্যবসায়ী গোকুল পালকে কুপিয়ে জখম করে ৩শ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ দেড় লাখ টাকা লুটে নিয়ে গেছে। রোববার গভীর রাতে দাশপাড়ায় গোয়ালন্দ ঘাট থানার কাছেই এ ডাকাতি হয়। গোয়ালন্দ ঘাট থানার ওসি আবুল বাশার জানান, গোকুল পালকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোয়ালন্দ বাজারের লোকনাথ জুয়েলার্সের মালিক গোকুল পালের পরিবারের সদস্যরা জানায়, রাত দেড়টার দিকে ১০/১৫ জনের একদল মুখোশধারী ডাকাত গ্রিলের তালা ভেঙে ঘরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে বেঁধে ফেলে। এসময় বাধা দিতে গেলে ডাকাতরা গোকুলকে চাপাতি দিয়ে কুপিয়ে এবং তার দুই ভাই লক্ষণ ও ভরতকে প্রহার করে ৬টি আলমারি ও একটি লোহার সিন্দুক ভেঙে স্বর্ণালঙ্কার, টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে একটি মাইক্রোবাসে করে পালিয়ে যায়। ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি। পুলিশ ডাকাতদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে। রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার (সার্কেল) আ. মান্নান সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/১৮১২ ঘ.