২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিয়ন্ত্রণ হারিয়ে বাস চালকের মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই থানাধীন বড়তাকিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় এক বাস চালকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2011, 07:36 AM

Updated : 24 Aug 2022, 03:26 PM

চট্টগ্রাম, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই থানাধীন বড়তাকিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় এক বাস চালকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৬টার দিকে এস আলম-সৌদিয়া পরিবহনের ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাসের চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। এতে বাস চালক মো. ইলিয়াস (৪৫) গুরুতর আহত হন। ইলিয়াসকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ফটিকছড়ি থানাধীন বড়ছিলনিয়া গ্রামের প্রয়াত রুহুল আমিনের ছেলে। চমেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৭টায় চিকিৎসাধীন অবস্থায় ইলিয়াস মারা যান। মীরসরাই হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. সরওয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গরুর গাড়ি, একটি ট্রাক ও একটি তেলবাহী লরিকে ধাক্কা দেয়। এতে ট্রাক, লরি ও সবশেষে বাসটি রাস্তা থেকে পাশের জমিতে পড়ে যায়। সরওয়ার জানান, দুর্ঘটনায় ইলিয়াসের সহকারী মো. জসিমও (৩৮) আহত হন। তিনি স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। দুর্ঘটনায় গরুর গাড়ির একটি গরুও মারা গেছে। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটি আটক করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএ/১৩২৪ ঘ.