রংপুর, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদা না দেওয়ায় রংপুর শহরের পার্বতীপুর মহল্লায় সোমবার ভোরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আব্দুর রাজ্জাক (২০) নামে এক যুবক নিহত হয়েছে।
কোতোয়ালি থানার ওসি হায়দার আলী মোল্লা সাংবাদিকদের বলেন, নজরুল ইসলামের ছেলে রাজ্জাকের কাছে সন্ত্রাসীরা ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেছিলো।
"টাকা দিতে রাজি না হওয়ায় আজ ভোর ৬টার দিকে রাজ্জাককে বাসা থেকে ডেকে নিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়।"
আহত রাজ্জাককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০৫৫ ঘ.
bdnews24