বগুড়া, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে কারচুপি করে ফলাফল পাল্টানোর অভিযোগ করেছেন এক পরাজিত প্রার্থী।
শনিবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন কাজিপুরের মাইজবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী ফিরোজ খান নুন।
গত ১৯ জুন মাইজবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়লাভ করেন কাজিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার জাহাঙ্গীর আলম।
সংবাদ সম্মেলনে ফিরোজ খান নুন অভিযোগ করেন, তালুকদার জাহাঙ্গীর আলম কুনকুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফলাফল উপজেলা সদরে নিয়ে পরিবর্তন করে বিজয়ী হয়েছেন।
ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. নুরুল আমীন এ কাজে তাকে সহায়তা করেন বলে তিনি ফিরোজ খান করেন।
নিজের পোলিং এজেন্টের বরাত দিয়ে তিনি বলেন, ওই কেন্দ্রে তিনি ১৪৮৬ ভোট পেলেও তার এজেন্টকে প্রাপ্ত ভোটের কাগজ না দিয়ে উপজেলা সদরে গিয়ে ৪০০ ভোট কম দেখানো হয়েছে। এরপর তাকে ২১০ ভোটের ব্যবধান দেখিয়ে পরাজিত ঘোষণা করা হয়।
ওই রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মৌখিকভাবে অভিযোগ করা হয়।
এ ব্যাপারে ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. নুরুল আমীন জানান, সঠিকভাবেই ফলাফল ঘোষণা করা হয়েছে।
তবে ভোট কেন্দ্রে ফলাফল ঘোষণা না করে উপজেলায় গিয়ে কেন ঘোষণা করা হলো তার কোনো উত্তর দেননি তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০০ ঘ.
bdnews24