রাজশাহী, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর বোয়ালিয়া থানা পুলিশের কোয়ার্টার থেকে এক পুলিশ কর্মকর্তার আত্মীয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার দুপুরে উপ-পরিদর্শক (এসআই) শামিম হোসেনের কোয়ার্টারে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় মিতার (১৮) লাশ পাওয়া যায়।
মিতা পাবনার সুজানগর উপজেলার বজলুর রহমানের মেয়ে। এসআই শামিম হোসেনের শ্যালিকা।
শামিম থানার কোয়ার্টারে তার পরিবার নিয়ে বসবাস করেন। ঘটনার সময় শামিম ও তার স্ত্রী বাড়ির বাইরে ছিলেন বলে পুলিশ জানায়।
এসআই শামিম জানান, বৃহস্পতিবার মিতা এখানে বেড়াতে আসেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। লাশ উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বোয়ালিয়া মডেল থানার ওসি শাহাদৎ হোসেন জানান, তদন্তের পর বিষয়টি পরিষ্কারভাবে জানা যাবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯১৬ ঘ.
bdnews24