বরিশাল, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরিশাল নৌ বন্দর আধুনিকায়নের কাজের ঠিকাদারী প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করার নির্দেশ দিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শাহাজাহান খান।
শুক্রবার সকালে পরিদর্শনকালে নিম্নমানের কাজ দেখে হতাশা ও ক্ষোভ প্রকাশ করে মন্ত্রণালয়ের সচিব আব্দুল মান্নান হাওলাদারকে এই নির্দেশ দেন।
এছাড়া দায়িত্ব পালনে উদাসীনতা এবং কাজে অনিয়মের কারণে বাংলাদেশ অভ্যন্ত্যরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বরিশালের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী ও বন্দর কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন।
বন্দর পরিদর্শনের আগে তিনি বরিশালে মেরিন একাডেমি করার জন্য সম্ভাব্য স্থান মেরিন ওয়ার্কশপ এলাকা পরিদর্শন করেন। এ সময় অভ্যন্তরীণ পরিবেশ নোংরা ও অপরিচ্ছন্ন থাকায় এর সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এই নির্দেশ দেন।
এ ব্যাপারে সচিব আব্দুল মান্নান হাওলাদার সাংবাদিকদের বলেন, "এটি সম্পূর্ণই একটি দাপ্তরিক বিষয়। কেউ দায়িত্বে অবহেলা করলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।"
মেসার্স আব্দুস সালাম এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারী এই নির্মাণ কাজ করছে।
বন্দর কর্মকর্তা ওয়াকিল নেওয়াজ সাংবাদিকদের জানান, ২০১০ সালের ৪ মার্চ আধুনিক নৌ বন্দর নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রী শাহাজাহান খান।
এ বছরের ৩০জুন বন্দরের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু একনো কাজ হয়েছে মাত্র অর্ধেকের কিছু বেশি।
নিমাণ কাজ পরিদর্শন শেষে বরিশাল সার্কিট হাউসে মন্ত্রী সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন।
মতবিনিময় সভায় মন্ত্রী বলেছেন, বরিশাল আধুনিক নৌবন্দর নির্মাণ কাজের মান খুবই খারাপ। টেন্ডার অনুযায়ী কাজ হচ্ছে না। ধীর গতিতে কাজ চলছে ।
দক্ষিণাঞ্চলের উন্নয়নের ব্যাপারে মন্ত্রী শাহজাহান খান বলেন, বহু নদী ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। তাই দেশের হারিয়ে যাওয়া ৩৬টি নদী উদ্ধারের পরিকল্পনা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর জন্য অর্থ বরাদ্দ দেয়া হয়েছে ১১ হাজার ৪৮৩ কোটি টাকা।
ইতোমধ্যে নদী খনন শুরু হয়েছে। নৌ পরিবহন মন্ত্রণালয় তিনটি নতুন ড্রেজার কিনেছে। ২০১৩ সালে মধ্যে আরো ১০টি ড্রেজার ক্রয় করার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।
মন্ত্রী বলেন, দক্ষিনাঞ্চলেই হবে দেশের তৃতীয় সমুদ্র বন্দর। এর জন্য পটুয়াখালীতে সম্ভাব্য স্থান পরিদর্শন করা হয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় জলযানগুলো যাতে নৌপথে নিরাপদে থাকতে পারে সেজন্য নদীর বিভিন্ন পয়েন্টে আশ্রয় কেন্দ্র করা হবে।
বরিশালে মেরিন একাডেমির কার্যক্রম ২০১২ সালের জানুয়ারি থেকে শুরু হবে আশা প্রকাশ করে মন্ত্রী বলেন, বিআইডব্লিউটিএ'র যে পরিমাণ জমি অলস পড়ে আছে তাতে মেরিন একাডেমি নির্মাণের কার্যক্রম শুরু করা যাবে।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বরিশাল-১ আসনের সাংসদ তালুকদার মো. ইউনুস, বিআইডব্লিউটিএ সদস্য ফিরোজ আহমেদ, প্রধান প্রকৌশলী জুলউদ্দিন আহমেদ, ডিপিটিসি'র (নারায়নগঞ্জ) অধ্যক্ষ ক্যাপ্টেন মোজাম্মেল হক, বন্দর কর্মকর্তা ওয়াকিল নেওয়াজ, নির্বাহী প্রকৌশলী শাহ নেওয়াজ কবির, বিআইডব্লিউটিসি'র সহাকারী মহা ব্যবস্থাপক গোপার চন্দ্র মজুমদার, বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান রিন্টু প্রমূখ।
এতে দুই তলা টার্মিনাল ভবন, প্রশস্থ পন্টুন, পার্কিং, গার্ডেন ইয়ার্ড, কার্গো শেড, ট্রানজিট শেড, গ্যাংওয়ে, পন্টুন সংযোগ সড়কসহ অন্যান্য স্থপনা থাকবে। এছাড়া টার্মিনালের মূল ভবনে মহিলাদের জন্য একটি ও পুরুষদের জন্য দুটি বিশ্রামাগারও থাকবে।
এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১৭ কোটি ৬০ লাখ টাকা।
বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৯৩৮ ঘ.
bdnews24