রাঙামাটি, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন আইন সংশোধন করে শিগগিরই আবার কমিশনের কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের এই প্রতিমন্ত্রী শুক্রবার বলেন, আইনটি সংশোধন করে শিগগিরই তা মন্ত্রিপরিষদে তোলা হবে। আইনটি সংসদে পাস হলেই কমিশন আবার কার্যক্রম শুরু করতে পারবে।
সকাল ১১টায় রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মঞ্জুরিতে ১৭টি শিক্ষা, ধর্মীয় ও কল্যাণমূলক প্রতিষ্ঠানের জন্য ২৪ লাখ টাকার চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
২০০৯ সালের জুলাই মাসে ভূমি কমিশন পুনর্গঠনের পর পার্বত্য চট্টগ্রামের ভূমিবিরোধ নিষ্পত্তির জন্য জরিপ চালানোর উদ্যোগ নেওয়া হয়। তবে জনসংহতি সমিতিসহ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সংগঠন, সুশীল সমাজ, তিনটি সার্কেলের প্রধানরা (তিন রাজাসহ) এর বিরোধিতা করে। তাদের বক্তব্য, ১৯৯৭ সালের পার্বত্য শান্তি চুক্তির সঙ্গে সামঞ্জস্যহীন এই ভূমি কমিশন আইন সংশোধন করা না হলে এই জরিপ সফল হবে না।
ভূমি কমিশন এরপরও ভূমি বিরোধ নিয়ে সাধারণ মানুষের কাছ থেকে দরখাস্ত আহ্বানসহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যায়। এরপর চলতি বছর মে মাসে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী ভূমি কমিশনের চেয়ারম্যান বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরীকে একটি চিঠি দিয়ে জানান, ভূমি কমিশন আইন সংশোধন না হওয়া পর্যন্ত কমিশনের কার্যক্রম বন্ধ থাকবে।
শুক্রবার রাঙামাটিতে আয়োজিত অনুষ্ঠানে দীপঙ্কর তালুকদার বলেন, "পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে উন্নয়ন অবশ্যই দরকার। পার্বত্য এলাকার মানুষ যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে এবং উন্নয়নের সুফল পায় সেই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।"
পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ত্বরান্বিত করতে সরকার আন্তরিক বলেও মন্তব্য করেন তিনি।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ মিলনায়তনে এই চেক বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমার সভাপতিত্বে কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান অংশুসাইন চৌধুরী, পরিষদ সদস্য বৃষকেতু চাকমা বক্তব্য রাখেন।
পরে প্রতিমন্ত্রী জেলার ১৭টি শিক্ষা, ধর্মীয় ও কল্যাণমূলক প্রতিষ্ঠানের প্রধানের হাতে ২৪ লাখ টাকা অনুদানের চেক তুলে দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৮৪৪ ঘ.
bdnews24