রুমানা বিষয়ে ইউবিসি শিক্ষার্থীদের উদ্বেগ
স্বামীর নির্যাতনে রুমানা মনজুরের চোখ হারানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ইউনিভার্সিটি অব বৃটিশ কলাম্বিয়ার (ইউবিসি) শিক্ষার্থীদের সংগঠন।
ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বামীর নির্যাতনে রুমানা মনজুরের চোখ হারানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ইউনিভার্সিটি অব বৃটিশ কলাম্বিয়ার (ইউবিসি) শিক্ষার্থীদের সংগঠন।
ইউবিসি'র শিক্ষার্থীদের সংগঠন আলমা ম্যাটার সোসাইটির সভাপতি জেরেমি ম্যাকেলরয় বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এক চিঠিতে বলেন, সোসাইটির একজন সদস্যের ওপর এ ধরনের 'দানবীয় সহিংসতায়' অন্য সদস্যরা গভীরভাবে উদ্বিগ্ন এবং ক্ষুব্ধ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে সহকারী অধ্যাপক রুমানা মনজুর গত ৫ জুন স্বামী হাসান সাঈদের নির্যাতনে চোখ ও নাকে মারাত্মক জখম হন রুমানা।
ভারতের চেন্নাইয়ের শঙ্করা নেত্রলয়া এবং পদুচেরির অরবিন্দ চক্ষু হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর সোমবার ঢাকায় আনা হয়েছে রুমানাকে। তার দুটি চোখই নষ্ট হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
কানাডার ভ্যাঙ্কুভারে ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ায় রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রিরত রুমানা গত মে মাসে দেশে ফেরেন।
নির্যাতনের ঘটনায় মামলা হয় গত ৬ জুন। গত ১৫ জুন হাসান সাইদকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিকেএস/পিডি/০০১১ ঘ.
