ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে বর্তমানে সাক্ষরতার হার ৫৩ শতাংশ বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমিন।
বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান তিনি।
ঝালকাঠি-১ আসনের সাংসদ বজলুল হক হারুনের প্রশ্নের জবাবে মন্ত্রী আরো জানান, দেশে সাক্ষরতার হার ২০১৪ সালের মধ্যে ১০০ শতাংশে উন্নীত করার জন্য সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে। ২০১১ সালে বিদ্যালয় গমনোপযোগী শিশুদের ৯৬ দশমিক ৬৪ শতাংশ বিদ্যলয়ে ভর্তি করা সম্ভব হয়েছে।
প্রতিবন্ধী এক কোটি ৪৪ লাখ
অপু উকিলের এক প্রশ্নের জবাবে সমাজ কল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে দেশে মোট জনসংখ্যার ১০ শতাংশ কোনো না কোনো ভাবে প্রতিবন্ধী।
তিনি জানান, দেশের মোট প্রতিবন্ধীর সংখ্যা এক কোটি ৪৪ লাখ ৪৬ হাজার।
এর আগে বিকাল ৫টা ২৫ মিনিটে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। এরপর টেবিলে উত্থাপিত হয় প্রশ্নোত্তর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/১৮৫৮ ঘ.
bdnews24