ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের ২২ কর্মকর্তার পদে রদবদল হয়েছে। এদের মধ্যে একজন যুগ্ম-সচিব, আটজন উপ-সচিব ও ১৩ জন সিনিয়র সহকারী সচিব।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে বৃহস্পতিবার এসব রদবদল করা হয়।
উপসচিবদের মধ্যে একজনকে জেলা প্রশাসক (ডিসি) এবং সিনিয়র সহকারী সচিবদের মধ্যে চারজনকে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) ও নয়জনকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগ করা হয়েছে।
কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) পদে কর্মরত যুগ্ম-সচিব আব্দুল মান্নানকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে। ওই পদে নিয়োগ পেয়েছেন পঞ্চগড়ের ডিসি বনমালি ভৌমিক।
আগে গত ১ জুন বনমালি ভৌমিককে রংপুরের জেলা প্রশাসক পদে বদলি করা হয়েছিল। তার ওই বদলির আদেশটি বাতিল করা হয়েছে।
বাতিল করা হয়েছে রংপুরের জেলা প্রশাসক বিএম এনামুল হকের বদলির আদেশও। তাকে ১ জুন শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছিল।
উপসচিবদের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রণব কুমার ঘোষকে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে। ওই পদে কর্মরত একেএম আমিনুল ইসলামকে প্রত্যাহার করে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত উপসচিব সুকুমার চন্দ্র কুণ্ডু এবং বাণিজ্য মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব এবিএম বদিউজ্জামান ও রেজাউল করিম শেখকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক পদে প্রেষণে নিয়োগ ও পদায়ন করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত দুই উপসচিব মোহাম্মদ শওকত আলী এবং শাখাওয়াত হোসেনকে একই মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
এডিসিদের মধ্যে নারায়ণগঞ্জের এবিএম আমিন উল্লাহ নূরী ও ময়মনসিংহের আহমেদকে প্রত্যাহার করে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
নতুন করে এডিসি নিয়োগ দিয়ে পাবনা বেড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসানুল মতিনকে নারায়ণগঞ্জে ও গোপালগঞ্জ কাশিয়ানীর ইউএনও সুভাষ চন্দ্র বিশ্বাসকে ময়মনসিংহে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া এডিসি নিয়োগের জন্য পরিকল্পনা ও উন্নয়ন একাডেমীর উপ-পরিচালক সায়মা আফরোজ, প্রধান তথ্য কমিশনারের একান্ত সচিব রেজাই রাফিন সরকার ও মানিকগঞ্জ সিংগাইর সহকারী কমিশনার (ভূমি) আবদুল লতিফকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে, গাজীপুর শ্রীপুরের সহকারী কমিশনার (ভূমি) শাহগীর আলম ও টাংগাইল ভূয়াপুরের সহকারি কমিশনার (ভূমি) আলমগীর হোসেনকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে এবং মাদারীপুর শিবচরের সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলামকে রাজশাহী, রাজবাড়ী ডিসি কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার নাজমুল হাসানকে সিলেট, ভোলা তজুমদ্দিনের ইউএনও মনোয়ার হোসেনকে খুলনা এবং ফরিদপুর মধুখালীর সহকারী কমিশনার (ভূমি) মুস্তাফিজুর রহমানকে বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/১৮৫৯ ঘ.
bdnews24