মাদারীপুর, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন কলেজে ছাত্রলীগের মারামারির পর ধর্মঘটের প্রথম দিনেও সরকার সমর্থক সংগঠনটির দুই পক্ষের কর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ছাত্রলীগের বিবদমান দুটি পক্ষের কর্মীরা দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে ক্যাম্পাসে মহড়া শুরু করে। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে কিছু সময় ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। ওই সময় ১০টি বোমার বিস্ফোরণ ঘটে।
মাদারীপুর সদর থানার ওসি মো. কায়ুম আলী সরদার বিডিনিউজ টোয়েন্টিরে জানান, ছাত্রলীগের ডাকা ধর্মঘটের প্রথম দিনে উভয় পক্ষই মারমুখী অবস্থান নেয়। পরে র্যাব ও পুলিশ ক্যাম্পাসে গেলে পরিস্থিতি শান্ত হয়।
সংঘর্ষে অন্তত চার জন আহত হয়েছে বলে ছাত্ররা জানায়ঢ।
কলেজে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ধর্মঘটের কারণে বৃহস্পতিবার কলেজে ক্লাস হয়নি।
কলেজের একাদশ শ্রেণীতে ভর্তির সুপারিশকে কেন্দ্র করে বুধবার নৌমন্ত্রী শাজাহান খানের অনুসারী ছাত্রলীগ নেতা-কর্মীদের সঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম সমর্থিতদের সংঘর্ষ হয়।
এরপর মন্ত্রী সমর্থিত ছাত্রলীগের কলেজ কমিটি অনির্দিষ্টকালের ধর্মঘট আহ্বান করে। অন্যদিকে নাছিমের অনুসারী কলেজ ছাত্র সংসদের নেতারা তিন দিনের ধর্মঘট ডাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮২২ ঘ.
bdnews24