সাভার, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়ায় পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে।
মজুরি বাড়ানোর দাবিকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে জিরাব এলাকার ডেনিয়ার ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকরা বিক্ষোভ করার পর সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে।
সংঘর্ষের কারণে ডেনিয়ার ফ্যাশন লিমিটেড কারখানায় একদিনের জন্য এবং পাশের তিনটি কারখানা আধাবেলার জন্য ছুটি ঘোষণা করা হয়।
শিল্প পুলিশ-১ আশুলিয়া জোনের সিনিয়র সহকারী পরিচালক (প্রশাসন ও অপারেশন) মোখলেছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৮টায় ডেনিয়ার ফ্যাশন লিমিটেড কারখানার শতাধিক শ্রমিক মজুরি বাড়ানোর দাবিতে কারখানার ভিতরে বিক্ষোভ শুরু করে।
সকাল ৯টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে রাস্তায় বিক্ষোভ শুরু করে। ওই সময় শ্রমিকরা হরাইজন বিডি লিমিটেড, আইরিশ ফ্যাশনস লিমিটেড ও রেডিয়ান্স গার্মেন্টস লিমিটেড কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করে গ্লাস ভাংচুর করে করে বলে দাবি করেন শিল্প পুলিশ কর্মকর্তা।
তিনি জানান, শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কয়েকটি যানবাহনেও ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিপেটা করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
পুলিশ লাঠিপেটা শুরু করলে শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে থাকে। শ্রমিক-পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় প্রায় ৩০ জন আহত হয়েছে বলে মোখলেসুর জানান।
ডেনিয়ার ফ্যাশন লিমিটেড কারখানার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শ্রমিকরা অযৌক্তিক দাবি তুলে বিক্ষোভ করছে।
তিনি দাবি করেন, গার্মেন্ট মালিকদের সংগঠন বিজিএমইএ-এর নিয়ম অনুযায়ী শ্রমিকদের বেতন দেয়া হচ্ছে। এ ঘটনার পর কারখানাটি একদিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
আন্দোলনকারী শ্রমিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও ওই কর্মকর্তা জানান।
ঘটনার পর সেখানে কোনো শ্রমিককে পাওয়া যায়নি। স্থানীয়রা জানায়, কারখানা ছুটি ঘোষণা করায় শ্রমিকরা বাড়িতে চলে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৩২৫ ঘ.
bdnews24