২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবনির্বাচিত চেয়ারম্যানের 'প্রতিপক্ষ শায়েস্তা'

'নির্বাচনে সমর্থন না দেওয়ায়' বরগুনার বেতাগী উপজেলায় এক ব্যক্তিকে বেঁধে মারধর করেছেন বুড়ামজুমদার ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রেজাউল করিম সুমন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2011, 06:04 PM

Updated : 24 Aug 2022, 03:22 PM

বরগুনা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'নির্বাচনে সমর্থন না দেওয়ায়' বরগুনার বেতাগী উপজেলায় এক ব্যক্তিকে বেঁধে মারধর করেছেন বুড়ামজুমদার ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রেজাউল করিম সুমন। বুধবার সকালে ইউনিয়ন পরিষদে এ নির্যাতনে আহত সেলিম খানকে (৪৫) বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী এ খবর বেতাগী থানায় জানালেও পুলিশ তাকে উদ্ধার করতে আসেনি। সেলিম খান সাংবাদিকদের জানান, সদ্য অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি রেজাউল করিম সুমনকে সমর্থন করেননি। অন্যদিকে তার প্রতিবেশী নেছার মল্লিক চেয়ারম্যানের পক্ষে নির্বাচনে কাজ করেন। এর কারণে নেছার মল্লিকের সঙ্গে সেলিমের একটি গাছ কাটা নিয়ে বিরোধ হলে চেয়ারম্যান নেছারের পক্ষ নিয়ে কয়েকদিন আগে তাকে (সেলিম) চড়-থাপ্পড় দেন। ১৭ জুন এ ব্যাপারে বিভিন্ন পত্রিকায় সংবাদও প্রকাশিত হয় বলে সেলিম জানান। সেলিম অভিযোগ করেন, এর জেরে বুধবার বেলা ১১টার দিকে চেয়ারম্যান নিজে সেলিমকে কাউনিয়া বাজার থেকে ইউনিয়ন পরিষদে ধরে নিয়ে বেঁধে মারধর করেন। প্রচ- মারধরে তিনি জ্ঞান হারিয়ে ফেললেও সেভাবে তিন ঘণ্টা আটকে রাখা হয়। এই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল বারেক নির্যাতনের কথা স্বীকার করে বলেন, বেতাগী থানায় বিষয়টি জানানো হলেও পুলিশ আসেননি। বেতাগী থানার ওসি তাপস চন্দ্র গুহ বলেন, তিনি খবর শোনার পরে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুর রহমানের সঙ্গে কথা বলেছেন। ইউএনও নিষেধ করায় তিনি কোনো পুলিশ পাঠাননি। এ ব্যাপারে ইউএনও মো. হাবিবুর রহমান বলেন, চেয়ারম্যান তাকে জানিয়েছিল সেলিমকে ছেড়ে দেওয়া হয়েছে। তাই তিনি পুলিশকে যেতে বারণ করেছেন। বরগুনার পুলিশ সুপার মো. মাহাবুব হাকিম সাংবাদিকদের বলেন, পুলিশ কোনো অবহেলা করেছে কি না তিনি দেখবেন। বুড়ামজুমদার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম সুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে মারধরের কথা স্বীকার করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫৪ ঘ.