২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না'গঞ্জে গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় গায়ে আগুন ধরিয়ে দেওয়ার পর আহত হয়ে এক গৃহবধূ হাসপাতালে মারা গেছেন বলে অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2011, 05:21 PM

Updated : 24 Aug 2022, 03:22 PM

নারায়ণগঞ্জ, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় গায়ে আগুন ধরিয়ে দেওয়ার পর আহত হয়ে এক গৃহবধূ হাসপাতালে মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার গভীর রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আরিফা আক্তার (১৯) নামে ওই গৃহবধূর মৃত্যু হয়। আরিফা উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মুশুরী গ্রামের আবু বক্কর সিদ্দিকের মেয়ে। তার বাবা আবু বক্কর সিদ্দিক অভিযোগ করেন, চারমাস আগে আরিফার সঙ্গে একই ইউনিয়নের মাঝিনা গ্রামের মনির হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই আরিফাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালাতো শ্বশুর বাড়ির লোকজন। তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যায় স্বামী ও স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আরিফার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় স্বামী মনির হোসেন। এ সময় আরিফার চিৎকারে আশপাশের লোকজন তাকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্নস ইউনিটে পাঠানো হয়। রূপগঞ্জ থানার ওসি ফোরকান শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ব্যাপারে নিহতের বাবা বাদী হয়ে চারজনকে আসামি করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার পর থেকে আরিফা আক্তারের স্বামী মনির হোসেন পলাতক রয়েছেন বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/পিডি/২৩১৪ ঘ.